নয়া জামানা, কোচবিহার: রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর তুফানগঞ্জ ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতিতে ক্ষমতা দখল করল বিজেপি। বুধবার প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে বিজেপির ১৩ জন সদস্যের উপস্থিতিতে চিরঞ্জিত দাস নতুন সভাপতি নির্বাচিত হন। তুফানগঞ্জ ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির মোট আসন ৪২টি। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ২৯টিতে জিতে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করেছিল এবং বিজেপির দখলে ছিল ১৩টি আসন। তবে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হওয়ার পর তৎকালীন সভাপতি জগদীশ বর্মন পদত্যাগ করেন। এরপরই এদিন প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে বিজেপি নতুন বোর্ড তৈরি করে। বোর্ড গঠনের পর আবির খেলা ও মিষ্টিমুখের মাধ্যমে উৎসবে মেতে ওঠেন দলীয় কর্মী-সমর্থকরা। অনুষ্ঠানে জেলা সভাপতি অভিজিৎ বর্মন ও সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী উপস্থিত ছিলেন। নতুন সভাপতি চিরঞ্জিত দাস জানান, দীর্ঘদিন বন্ধ থাকা উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করা ও এলাকায় স্বচ্ছ প্রশাসন প্রদান করাই তাদের মূল লক্ষ্য।