নয়া জামানা, বাঁকুড়া: বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাঁটি এলাকায় বেআইনি বালি পরিবহণ ও কারবার রুখতে কড়া নজরদারি শুরু করেছে স্থানীয় থানার পুলিশ। মঙ্গলবার রাতে গঙ্গাজলঘাঁটি থানার আইসি সুদীপ ঘোষালের নেতৃত্বে ঘনশ্যামপুর মোড়ে বিশেষ নাকা চেকিং চলাকালীন বালি তোলার বৈধ অনুমতিপত্র (সিও) এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩টি বালি বোঝাই ট্রাক আটক করা হয়। পুলিশ সূত্রের খবর, গাড়ি চালকরা বালি পরিবহণের পক্ষে কোনো বৈধ নথি দেখাতে পারেননি। এর পরেই আটক ট্রাকগুলির প্রয়োজনীয় নথিভুক্তিকরণ শেষে ডিটিওএ পার্কিংয়ে পাঠানো হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
রাতের অন্ধকারে বেআইনিভাবে বালি পাচার ঠেকাতে নিয়মিত এই নাকা চেকিং চালাচ্ছে পুলিশ। প্রশাসনের এই কড়া পদক্ষেপ এবং ধারাবাহিক নজরদারির ফলে অবৈধ বালি কারবারিদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সরকারি নিয়ম মেনে বৈধভাবে বালি পরিবহণ নিশ্চিত করতে পুলিশের এই সক্রিয় ভূমিকা ও তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আগামী দিনেও নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।