সন্দীপ মজুমদার, নয়া জামানা, হাওড়া: বাগনানের ঐতিহ্যবাহী গীতাঞ্জলি সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে সম্প্রতি এক বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। বাগনান উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক মঞ্চে আয়োজিত এই দুদিন ব্যাপী অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় সংস্কৃতিপ্রেমী মানুষের ঢল নেমেছিল।
গান, নাচ ও চিত্রাঙ্কনের মেলবন্ধনে সমগ্র অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা পায়। শাস্ত্রীয় সংগীত সন্ধ্যার পাশাপাশি এই উৎসবে পরিবেশিত হয় রবীন্দ্রনৃত্য, সৃষ্টিশীল নৃত্য, কণ্ঠসঙ্গীত এবং কত্থক নৃত্য। সুরের মূর্ছনায় শ্রোতাদের মুগ্ধ করে হারমোনিয়াম, গীটার, সেতার ও তবলালহরার অনবদ্য বাদন। উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ‘শ্যামা’ নৃত্যনাট্য এবং ছাত্র-ছাত্রীদের একটি চমৎকার চিত্রাংকন প্রদর্শনী।
বর্ণময় এই উৎসবের দিনগুলিতে উপস্থিত ছিলেন গীতাঞ্জলির অন্যতম পরিচালক রতন ঘোষ ও নয়ন ঘোষ। এছাড়াও সংস্থার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং বহু বিশিষ্ট গুণীজন এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। দুদিনের এই সুর ও ছন্দের উৎসব আপামর সংস্কৃতিপ্রেমী মানুষের হৃদয়ে এক দীর্ঘস্থায়ী ও মধুর স্মৃতি রেখে গেল।