বাপ্পা রায়, নয়া জামানা, শিলিগুড়ি : রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন এলাকায় বেআইনি টোল আদায়ের বিরুদ্ধে প্রতিবাদের সুর ক্রমশ জোরালো হচ্ছে। সেই আবহেই শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি টোল প্লাজার পর এবার রোহিণী টোল প্লাজা বন্ধ করে দিল গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (জিএনএলএফ)-এর কর্মী ও সমর্থকেরা। বৃহস্পতিবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে রোহিণী এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
প্রতিদিনের মতো এদিন সকালেও টোল আদায় চলছিল। কিন্তু জিএনএলএফ কর্মীদের উপস্থিতি টের পেতেই টোল প্লাজার কর্মীরা কাজ বন্ধ করে এলাকা ছেড়ে যান। এরপর আন্দোলনকারীরা রাস্তায় নেমে পাহাড়মুখী ও পাহাড় থেকে নামা গাড়িগুলির চালকদের জানিয়ে দেন, আপাতত আর কোনও টোল দিতে হবে না। টোল মুক্ত যাতায়াতের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন বহু চালক।
জিএনএলএফ-এর অভিযোগ, দীর্ঘদিন ধরেই রোহিণী টোল প্লাজায় অবৈধভাবে টোল আদায় করা হচ্ছিল। তাঁদের দাবি, পাহাড় রাজনীতির প্রাক্তন নেতা সুভাষ ঘিসিং-এর আমলে এই রাস্তা নির্মিত হলেও তখন কোনও টোল ব্যবস্থা ছিল না। পরবর্তীতে পাহাড়ের প্রশাসনিক দায়িত্ব গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র হাতে যাওয়ার পর থেকেই এই টোল চালু হয় বলে অভিযোগ।
আন্দোলনকারীদের আরও দাবি, এই টোল প্লাজার কারণে পর্যটক ও সাধারণ গাড়িচালকদের প্রায়ই হয়রানির শিকার হতে হতো। অকারণে টাকা আদায় নিয়ে ক্ষোভ জমছিল দীর্ঘদিন ধরে। ফলে টোল বন্ধ হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা, পর্যটক ও পরিবহণ কর্মীরা। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।
নির্বাচনী ঢেউয়ে বদল উত্তরবঙ্গের পরিবহন, টোল আদায়ের অবসানে স্বস্তিতে ট্রাকচালকরা