রঞ্জন সাহা,নয়া জামানা,ময়নাগুড়ি: দুর্গাপুজোর প্রাক্কালে জলপাইগুড়ির ময়নাগুড়িতে মতুয়া মহাসংঘের জেলা কর্মীসভা আয়োজিত হলো।রবিবার ময়নাগুড়ি ধর্মশালায় আয়োজিত এই কর্মীসভায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
ভক্ত ও মতুয়া সম্প্রদায়ের সদস্যদের মাঙ্গলিক স্বাগত গ্রহণের পর সভায় বক্তব্য রাখেন শান্তনু ঠাকুর। মতুয়া সম্প্রদায়ের উন্নয়ন থেকে শুরু করে আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে বার্তা দেন তিনি।
সভায় বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ঠাকুরের অভিযোগ, অতীতে মতুয়া সম্প্রদায়ের উন্নয়নে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মতুয়া সম্প্রদায়ের উন্নয়নে একাধিক ইতিবাচক পদক্ষেপ করা হয়েছে। আগামী দিনে মতুয়া বোর্ড গঠন করে আরও উন্নয়নমূলক কাজ করার কথাও জানান তিনি।
বাংলাদেশ থেকে ভারতে আসা মতুয়া সম্প্রদায়ের মানুষদের সিএএ-তে আবেদন করার বার্তাও দেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর কথায়, মতুয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় দাবি ছিল সিএএ। সেই দাবি কেন্দ্রীয় সরকার পূরণ করেছে। রাজ্য সরকারও এই বিষয়ে কাজ করে চলেছে।
এদিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন সমাজকর্মী শ্যামল রায়, রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার-সহ মতুয়া মহাসংঘের নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
দুর্গাপুজোর ঠিক আগে নিজেদের ধর্মীয় গুরুকে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই উৎসবের আমেজ দেখা যায় তিস্তা পাড়ের মতুয়া সম্প্রদায়ের মধ্যে। কর্মীসভাকে ঘিরে ময়নাগুড়িতে ছিল মতুয়া ভক্তদের উৎসাহ-উদ্দীপনা।