নয়া জামানা, মালদহ : মাত্র সাত বছরের শিশুকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল সৎ মায়ের বিরুদ্ধে।ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের বৈষ্ণবনগর থানার পুরাতন ১৮ মাইল এলাকায়। মৃত শিশুর নাম নিহান আহমেদ।সে স্থানীয় একটি বেসরকারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহানের বাবা ইজাজ আহমেদ বর্তমানে ভিনরাজ্যে কর্মরত। প্রায় ছ’বছর আগে নিহানের জন্মদাত্রী মায়ের মৃত্যু হয়। এরপর দ্বিতীয় বিয়ে করেন ইজাজ। তাঁর দ্বিতীয় স্ত্রী রুমা খাতুনকে নিয়ে পুরাতন ১৮ মাইলে একটি ভাড়া বাড়িতে থাকতেন।নিহানও সেখানেই থাকত।পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সৎ মায়ের হাতে নানা ভাবে অত্যাচারিত হত শিশুটি। শুক্রবার রাতে ভাড়া বাড়িতেই তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। যদিও ঘটনার কথা জানাজানি হয় শনিবার সকালে।এরপর স্থানীয় বাসিন্দারা শিশুটিকে নিথর অবস্থায় উদ্ধার করে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনার পর পরিবারের পক্ষ থেকে বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তদন্তকারীরা মৃত্যুর নেপথ্যে ঠিক কী ঘটেছিল তা খতিয়ে দেখছেন।অভিযোগের সত্যতা এবং শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পরই স্পষ্ট হবে।