রাখি গরাই, নয়া জামানা, বিষ্ণুপুর: মানবসেবাকে জীবনের ব্রত করে টানা ১৪ বছর ধরে বিশেষ সক্ষম (দিব্যাঙ্গ) মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত গড়ে তুলেছেন মেজিয়া ব্লকের বিশিষ্ট সমাজসেবী শ্রী মলয় মুখার্জী। তাঁর উদ্যোগে এবং গৌরীশঙ্কর ও বৈদ্যনাথ মুখার্জী ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হল দিব্যাঙ্গদের জন্য একটি সংস্পর্শ ও মূল্যায়ন শিবির। মানবিক এই উদ্যোগকে ঘিরে এলাকাজুড়ে উৎসাহের পরিবেশ তৈরি হয় এবং বহু মানুষ শিবিরে অংশ নেন।
এই শিবিরে জন্মগতভাবে কিংবা দুর্ঘটনায় হাত বা পা হারানো মানুষদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক মূল্যায়ন এবং প্রয়োজনীয় পরামর্শের ব্যবস্থা করা হয়। যাঁদের কৃত্রিম হাত বা পা প্রয়োজন, তাঁদের শারীরিক অবস্থা বিস্তারিতভাবে পরীক্ষা করে ভবিষ্যতে কৃত্রিম অঙ্গ প্রদানের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। চিকিৎসকরা প্রত্যেকের শারীরিক সক্ষমতা অনুযায়ী পরবর্তী চিকিৎসার দিকনির্দেশও দেন।
শিবিরের খবর ছড়িয়ে পড়তেই শুধু মেজিয়া নয়, পার্শ্ববর্তী একাধিক ব্লক এবং দূরের বিভিন্ন এলাকা থেকেও বহু দিব্যাঙ্গ মানুষ তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত হন। দীর্ঘদিন ধরে এমন একটি সুযোগের অপেক্ষায় থাকা অনেকেই চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলে সন্তোষ প্রকাশ করেন। উপস্থিত অনেকেরই বক্তব্য, এই ধরনের উদ্যোগ তাঁদের জীবনে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার আত্মবিশ্বাস জোগায়।
আয়োজকদের বক্তব্য, সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের পাশে দাঁড়ানোই তাঁদের প্রধান লক্ষ্য। কৃত্রিম অঙ্গের সাহায্যে যাতে তাঁরা নিজের কাজ নিজেরা করতে পারেন, কর্মজীবনে ফিরতে পারেন এবং সমাজের মূল স্রোতে যুক্ত হতে পারেন, সেই উদ্দেশ্য নিয়েই প্রতি বছর এই শিবিরের আয়োজন করা হয়।
শ্রী মলয় মুখার্জীর এই দীর্ঘ ১৪ বছরের নিরলস মানবসেবামূলক উদ্যোগ আজ এলাকার মানুষের কাছে এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে তাঁর এই প্রচেষ্টা ইতিমধ্যেই বহু মানুষের জীবন বদলে দিয়েছে।
গৌরীশঙ্কর ও বৈদ্যনাথ মুখার্জী ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও আরও বৃহত্তর পরিসরে এই ধরনের শিবির আয়োজন করা হবে। বিশেষ সক্ষম মানুষদের স্বনির্ভর করে তোলা এবং তাঁদের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়ার লক্ষ্যেই ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এই মানবিক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।