নয়া জামানা, বর্ধমান: বিশ্ব উষ্ণায়ন এবং পরিবেশ দূষণের মোকাবিলায় বৃক্ষরোপণকে হাতিয়ার করে এক অভিনব উদ্যোগ নিল বর্ধমানের পরিবেশপ্রেমী সংগঠন ‘মিলিত প্রয়াস’। বর্ষার মরশুমকে কাজে লাগিয়ে সদরঘাটের বংপুর চাষীমানা থেকে উদয় পল্লী পর্যন্ত প্রায় এক কিলোমিটার বাঁধের দু’পাশের ফাঁকা জায়গায় প্রায় ৩০০টি ‘সিড বল’ বা বীজ বল নিক্ষেপ করা হয়।
সংগঠনের সম্পাদক প্রতনু রক্ষিত জানান, গ্রীষ্মকালে খাওয়া বিভিন্ন ফলের বীজ সংরক্ষণ করে, তা দিয়ে এই বীজ বলগুলি তৈরি করা হয়েছে। এই কাজে শামিল হয়েছিল বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও। নবম শ্রেণীর এক ছাত্রের কথায়, গরমের সময় বাড়িতে খাওয়া আম, জাম, লিচু, কাঁঠাল ও সবেদার বীজ জমিয়ে রেখে, পরে দোঁআশ মাটি ও জৈব সারের মিশ্রণে তা মুড়ে এই বলগুলি তৈরি করা হয়। বর্ষার জলে এই বীজ বল থেকে প্রাকৃতিকভাবেই চারাগাছ জন্মাবে। সংগঠনের সদস্য বাপি চৌধুরী জানান, বিগত পাঁচ বছর ধরে তাঁরা এই কাজ করছেন এবং কেবল একদিন নয়, সারা বর্ষা জুড়েই বর্ধমানের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি চলবে।