সামির হোসেন, নয়া জামানা, দিনহাটা : রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পরেও দিনহাটা কলেজের পুরনো অরাজকতার চিত্র ফের ফিরে এল। শনিবার দিনহাটা কলেজ প্রাঙ্গণে এবিভিপি আশ্রিত বহিরাগতদের হামলায় আহত হলেন কয়েকজন এসএফআই ছাত্র। ঘটনাকে ঘিরে কলেজ চত্বরে তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন দুপুরে দিনহাটা কলেজে ২০-২৫ জনের একটি দল হঠাৎ ঢুকে পড়ে। অভিযোগ, দলটির বেশিরভাগই বহিরাগত এবং এবিভিপির মদতপুষ্ট। কলেজের ভিতরে থাকা এসএফআই ছাত্রদের দেখা মাত্রই তারা তাড়া করে। পরে কলেজের সামনের রাস্তায় নিয়ে গিয়ে তাদের বেধড়ক মারধর করা হয়। ছাত্রদের চিৎকার শুনে অন্যান্য পড়ুয়া ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় এবিভিপি নেতা প্রেম কুমার বর্মন সহ বেশ কয়েকজনের নামে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এসএফআই।
আক্রান্ত এসএফআই ছাত্রদের অভিযোগ, এবিভিপির মদতে একদল বহিরাগত কলেজে ঢুকে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তাদের মারধরের ফলে কলেজে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ ছাত্রছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
প্রসঙ্গত, ২০১১ সালে রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর দিনহাটা কলেজে দীর্ঘদিন ধরে অশান্তি লেগেই ছিল। তৎকালীন তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে বহিরাগত এনে কলেজ দখল ও গুন্ডাগিরির অভিযোগ উঠত। বছরের পর বছর কলেজে স্বাভাবিক পঠনপাঠন ব্যাহত হয়েছে।
এবার ২০২৬-এর পট পরিবর্তনের পর সেই জায়গা দখল করেছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। শনিবারের ঘটনায় স্পষ্ট, আগের তৃণমূল ছাত্র পরিষদের স্টাইলেই এবার কলেজে দাপট দেখাচ্ছে এবিভিপি। বহিরাগত এনে হামলা, মারধর— সবই যেন পুরনো ছবির পুনরাবৃত্তি।
এই ঘটনায় সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। তাঁদের প্রশ্ন, ক্ষমতা বদলালেও কলেজের সংস্কৃতি কেন বদলাল না? পড়াশোনার পরিবেশ ফেরাতে অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
রণক্ষেত্র বর্ধমান বিশ্ববিদ্যালয় , ছাত্র আন্দোলনে পুলিশি বাধা, অবস্থান বিক্ষোভে এসএফআই