নয়া জামানা,নয়াদিল্লি:মহাকাশ ক্ষেত্রের বিকাশে বিশেষ নজর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।রবিবার জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে দেশের প্রথম সারির স্পেস স্টার্টআপগুলির সিইও-দের সঙ্গে বৈঠক করলেন তিনি।ভারতের মহাকাশ ক্ষেত্রে স্টার্টআপগুলির উদ্যম, উচ্চাকাঙ্ক্ষা ও উদ্ভাবনী শক্তির প্রশংসা করেন প্রধানমন্ত্রী।পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবন সহজ করতে মহাকাশ প্রযুক্তিকে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে নতুন সম্ভাবনা খোঁজার পরামর্শ দেন তিনি।
আলোচনায় ভারতের মহাকাশ ক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে স্টার্টআপ প্রতিনিধিদের ভাবনাচিন্তা ও আত্মবিশ্বাসের প্রশংসা করেন মোদী।তাঁর মতে, প্রচলিত ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তির ব্যবহার সীমাবদ্ধ রাখলে চলবে না, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধান ও জীবনযাত্রার মান উন্নয়নেও এই প্রযুক্তির নতুন প্রয়োগ খুঁজতে হবে।সরকারি নীতির ধারাবাহিকতার উপরও জোর দেন প্রধানমন্ত্রী।স্টার্টআপ সংস্থাগুলি সরকারের সিদ্ধান্তের উপর যে আস্থা রেখেছে, তার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যে কোনও সিদ্ধান্তে ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন।বিশ্বের মহাকাশ অর্থনীতিতে ভারতের সম্ভাবনার কথাও তুলে ধরেন মোদী।তাঁর মতে, মহাকাশ ক্ষেত্রে কোনও বড় প্রযুক্তিগত সাফল্য এলেই যাতে গোটা বিশ্বের নজর ভারতীয় স্টার্টআপগুলির দিকে ঘোরে, এমন পরিস্থিতি তৈরি হওয়া উচিত।স্পেস স্টার্টআপ, মহাকাশ সংস্থা এবং বৃহত্তর প্রযুক্তি ক্ষেত্রের মধ্যে আরও সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।বিদেশ থেকে ভারতীয় পেশাদারদের দেশে ফেরার প্রবণতাকেও ইতিবাচক বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।মোদীর মতে, ভারতে এমন মহাকাশ প্রযুক্তির পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে বিশ্বের দক্ষ পেশাদাররা এদেশকে কেরিয়ার গড়ার অন্যতম সেরা গন্তব্য হিসেবে বেছে নেন।ভারতীয় স্পেস স্টার্টআপগুলির দ্রুত বৃদ্ধি ভবিষ্যতে বিশ্বের প্রতিভাবান পেশাদারদের আকৃষ্ট করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।