নয়া জামানা,কলকাতা:
ইস্টবেঙ্গল – ৪ (এডমুন্ড হ্যাটট্রিক, বিপিন সিং) : মোহনবাগান – ১ (মণবীর সিং)
যুবভারতী ক্রীড়াঙ্গনে রবিবার সন্ধ্যায় ডার্বির ইতিহাসে নতুন অধ্যায় লিখল ইস্টবেঙ্গল। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ডুরান্ড কাপের খেতাব ঘরে তুলল লাল-হলুদ শিবির। ম্যাচের নায়ক এডমুণ্ড লালরিনডিকা, যিনি প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করে দলকে জয়ের পথে এগিয়ে দেন।খেলার শুরুতে বলের দখল কিছুটা মোহনবাগানের পক্ষে থাকলেও দশম মিনিটে বিপিন সিংয়ের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এর দুমিনিট পরেই বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে দ্বিতীয় গোলটি করেন এডমুণ্ড। ২২ মিনিটের মাথায় প্রতিপক্ষের রক্ষণকে ফাঁকি দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি, যার ফলে ব্যবধান দাঁড়ায় ৩-০।
তিন গোলে পিছিয়ে পড়া মোহনবাগান ৩৩ মিনিটে মনবীর সিংয়ের গোলে ব্যবধান কমায়। তবে সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে, ৪৪ মিনিটে ফ্রি-কিক থেকে আসা বলে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এডমুণ্ড। বিরতির সময় স্কোরলাইন দাঁড়ায় ৪-১, যা কার্যত ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়।দ্বিতীয়ার্ধে আরও গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল, তবে ততক্ষণে জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। এই জয়ের ফলে ১৭তম বার ডুরান্ড কাপ জিতল ইস্টবেঙ্গল, এবং সর্বাধিক শিরোপাজয়ী দল হিসেবে মোহনবাগানের রেকর্ডের সমান হয়ে গেল তারা।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ফেডারেশন কাপ সেমিফাইনালে বাইচুং ভুটিয়ার হ্যাটট্রিকে একই ব্যবধানে মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। ২৯ বছর পর সেই স্মৃতি ফিরিয়ে আনলেন এডমুণ্ড। মরশুমের প্রথম ডার্বিতে হারের প্রতিশোধ নিয়ে সবচেয়ে বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বীদের বিধ্বস্ত করে উৎসবে মাতলেন লাল-হলুদ সমর্থকরা।