দীপঙ্কর দোলাই,নয়া জামানা : মৃত্যুবার্ষিকীতে ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।১৯৫৩ সালের ২৩ জুন শ্রীনগরের জেলে মৃত্যু হয় শ্যামাপ্রসাদের। সেই দিনটিকে স্মরণে রেখে প্রতি বছর বিজেপি এই দিনটি ‘বলিদান দিবস’ হিসেবে পালন করে।মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী মোদি লেখেন, মৃত্যুবার্ষিকীতে বিশিষ্ট দেশপ্রেমিক, শিক্ষাবিদ ও রাষ্ট্রনেতাবিদ শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানাই। দেশের প্রতি তাঁর নিষ্ঠা ও প্রত্যয়ের কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী আরও লেখেন, তাঁর বিবেচনা বোধ ও দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়ার মানসিকতা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে এসেছে। তাঁর আত্মবলিদান গভীর রেখাপাত করেছে বলে মন্তব্য করে মোদি জানান, শ্যামাপ্রসাদের দেখানো পথে ভারতকে এগিয়ে নিয়ে যেতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ এবং তাঁর স্বপ্নের উন্নত ভারত গড়ে তোলাই তাঁদের দায়িত্ব।শ্রদ্ধা জানানো পোস্টে শ্যামাপ্রসাদের কয়েকটি নীতিগত সিদ্ধান্তের কথা তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতার দেশের প্রতি কর্তব্যে অবিচল থাকার মানসিকতা এবং ভারতকে ঐক্যবদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা ব্যাখ্যা করেন তিনি। শাহ স্মরণ করিয়ে দেন, সংবিধানের ৩৭০ ধারা বিলোপের দাবি জানিয়েছিলেন শ্যামাপ্রসাদ এবং আজীবন তিনি একই দেশে দুটি সংবিধান ও দুই রাষ্ট্রপ্রধানের বিরোধিতা করেছেন। ২০১৯ সালে দ্বিতীয়বার বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় এসে মোদি সরকার এই ৩৭০ ধারা অবলুপ্ত করে।পোস্টের পরবর্তী অংশে বাংলায় বিজেপির নির্বাচনী জয়ের প্রসঙ্গও সুকৌশলে তুলে ধরেন শাহ। তিনি লেখেন, আজ তাঁর জন্মভূমি সবার আগে দেশ-এই ভাবনাকে মাথায় রেখে দেশের স্বার্থ রক্ষা এবং ঐতিহ্য রক্ষা করতে তৎপর। কাশ্মীর থেকে শুরু করে বাংলাকে এক সুতোয় বেঁধেছিলেন শ্যামাপ্রসাদ। আমরাও দেশকে সুরক্ষিত করতে তাঁর দেখানো পথেই চলব।শ্রদ্ধা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, ভারতের একতা ও অখণ্ডতা রক্ষায় নিজের জীবন উৎসর্গকারী প্রণম্য রাষ্ট্রবাদী নেতা, জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা, পশ্চিমবঙ্গের জনক ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী’র বলিদান দিবসে আমার শতকোটি প্রণাম।
আরো পড়ুন:
থামেনি চক্ষুদানের অঙ্গীকার! স্বামীর মৃত্যুবার্ষিকীতে স্ত্রীর নজির গড়া সিদ্ধান্ত