আহমেদ বাপি, নয়া জামানা,মালদা: মালদহে প্রশাসনিক বৈঠকে এসে ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক তারপরেই সোমবার বাজেটে গাজোল পৌরসভা হবে, ঘোষণা হতেই খুশির হাওয়া এলাকা জুড়ে। রাজ্য সরকারকে এলাকার মানুষ সাধুবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।প্রসঙ্গত, গাজোলে ১৫ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। তবে গাজোল সদরে রয়েছে গাজোল ১, গাজোল ২, মাঝরা, শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের একাংশ। ২০১৪ সালে রাজ্য সরকারের তরফে ঘোষণা করে দেওয়া হয়, গাজোলে পৌরসভা গঠন করা হবে। সেই ঘোষণার ১২ বছর অতিক্রান্ত। তবুও এখনও পর্যন্ত গাজোল পৌরসভার তকমা পায়নি। নতুন রাজ্য সরকারের এই ঘোষণার পর অনেকই উচ্ছ্বসিত। শুধু ঘোষণা নয়, গাজোল পৌরসভা সংক্রান্ত প্রস্তাবের একটি চিঠি রাজ্য সরকারের স্পেশাল সেক্রেটারি জেলা প্রশাসনের কর্তাদের পাঠিয়েছে। এরপরেই স্থানীয় প্রশাসন তৎপর হবে বলে জানা গিয়েছে। গাজোল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান প্রদ্যুৎ কুমার সর্দার বলেন, আমাদের একাধিক গ্রাম পঞ্চায়েত নিয়ে পৌরসভা হওয়া শুধু সময়ের অপেক্ষা। বহু বছর ধরে গাজোলবাসীর অন্যতম প্রধান দাবি ছিল এলাকাটিকে পৌরসভার মর্যাদা দেওয়া। বামফ্রন্ট সরকারের আমল থেকে শুরু হওয়া সেই দাবি পরবর্তীকালে তৃণমূল সরকারের সময়ও বাস্তবায়িত হয়নি।অবশেষে নতুন সরকারের প্রথম বাজেটেই সেই স্বপ্ন পূরণের পথে বড় পদক্ষেপ নেওয়া হল।গাজোলকে পৌরসভা হিসেবে ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাস দেখা যায় এলাকাজুড়ে। সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষিত সমাজ থেকে বিভিন্ন মহল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের আশা, পৌরসভা গঠনের ফলে নাগরিক পরিষেবা, রাস্তা, পানীয় জল, নিকাশি ব্যবস্থা-সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে আরও গতি আসবে।
আরো পড়ুন:
গাজোল হাজিনাকু হাই স্কুলে হ্যাটট্রিক, মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে ৩ পড়ুয়া