নয়া জমানা,নদীয়া: নদীয়ার পলাশীপাড়া থানার পলশুণ্ডা দীঘির ধার সংলগ্ন এলাকা সোমবার বিকেলে ভরে উঠেছিল লাল পতাকায়। প্রয়াত বামপন্থী নেতা আব্দুল মুন্নাফ বিশ্বাসের স্মরণ সভাকে কেন্দ্র করে আয়োজিত এই সমাবেশে পলাশীপাড়া থানার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য মানুষ অংশ নেন। প্রধান বক্তা হিসেবে মঞ্চে বক্তব্য রাখেন সর্বভারতীয় ছাত্র আন্দোলনের পরিচিত মুখ নেত্রী দীপ্সিতা ধর।বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের তীব্র সমালোচনা করে তিনি বলেন, রাজ্য সরকারের বিরোধী দল খাতায় কলমে তৃণমূল থাকলেও, বাস্তবে তৃণমূল দলটি আজ বিজেপির পদতলে আত্মসমর্পণ করেছে। মানুষের দৈনন্দিন ইস্যু নিয়ে রাস্তায় লড়াইটা ওরা ছেড়ে দিয়েছে। তাই সাধারণ খেটে খাওয়া মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিন বামপন্থীদেরকেই প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে।মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআই(এম) নদীয়া জেলা সম্পাদক মেঘলাল শেখ, পলাশীপাড়ার প্রাক্তন বিধায়ক এস এম সাদি,পলাশীপাড়ার নেতৃত্ব সলিল কর এবং পলাশীপাড়া এরিয়া কমিটির সম্পাদক বুলবুল মণ্ডল। বক্তারা সকলেই প্রয়াত আব্দুল মুন্নাফ বিশ্বাসের লড়াকু জীবন, সাংগঠনিক দক্ষতা ও সাধারণ মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার কথা স্মরণ করেন। সভা শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আব্দুল মুন্নাফ বিশ্বাসের আদর্শকে সামনে রেখে এলাকায় মানুষের অধিকারের লড়াই আরও জোরদার করা হবে।
আরো পড়ুন:
ভোটলুটের বদলে সৌজন্যের লড়াই : গঙ্গার দু’পারে নজর কাড়লেন মিনাক্ষী-দীপ্সিতা