নয়া জামানা ডেস্ক : দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। শুক্রবার থেকে কার্যকর হওয়া নতুন মূল্যের জেরে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ার পাশাপাশি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানউতোর। লিটার প্রতি প্রায় ৩ টাকা করে জ্বালানির মূল্যবৃদ্ধির পর বিরোধীরা কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছে। যদিও বিজেপির দাবি, আন্তর্জাতিক পরিস্থিতি ও জ্বালানি সঙ্কটের কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার।
নতুন দামের ফলে কলকাতায় পেট্রোলের মূল্য বেড়ে হয়েছে লিটার প্রতি ১০৮ টাকা ৬৬ পয়সা। মুম্বইয়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৬ টাকা ৬৮ পয়সা এবং চেন্নাইয়ে তা বেড়ে হয়েছে ১০৩ টাকা ৬৭ পয়সা। দিল্লিতেও পেট্রোলের দাম প্রায় ১০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। ডিজেলের দামও সমানভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে।
এই মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, বিশ্বজুড়ে যে সঙ্কট চলছে, তার প্রভাব থেকে আমরা আলাদা থাকতে পারি না। যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।তিনি আরও বলেন, অনেকদিন পর সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ভবিষ্যতের কথা ভেবে এখন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
সম্প্রতি জ্বালানি ও তেলের সম্ভাব্য সঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরও মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন। সেই কারণেই রাজনৈতিক মহলের একাংশের মতে, জ্বালানির দাম বৃদ্ধি কার্যত সময়ের অপেক্ষাই ছিল।
তবে বিরোধী দলগুলির দাবি, মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। পরিবহণ খরচ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
কমিশনের কড়া নির্দেশে বন্ধ মদের দোকান, কালোবাজারিতে রমরমা অসাধু চক্র