দীপঙ্কর দোলাই,নয়া জামানা:পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হল রা
জ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বোস। সোমবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দেন তিনি। প্রায় ১০ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রাতে তাঁকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ইডি সূত্রে খবর, পুর নিয়োগে অনিয়ম এবং অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ ঘিরে দীর্ঘদিন ধরেই তদন্তকারীদের নজরে ছিলেন প্রাক্তন মন্ত্রী। তদন্তের স্বার্থে গত ৬ এপ্রিল থেকে বিধানসভা ভোট চলাকালীন একাধিকবার তাঁকে হাজিরার নোটিস পাঠানো হয়েছিল। তবে সে সময় নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার কথা জানিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। আদালতের নির্দেশ মেনেই ভোটপর্বে ইডির হাজিরা এড়িয়ে ছিলেন বলে তৃণমূল সূত্রের দাবি।
ভোট মিটতেই গত ১ মে প্রথমবার ইডি দপ্তরে হাজিরা দেন সুজিত বসু। সেদিন তাঁর সঙ্গে আইনজীবীও উপস্থিত ছিলেন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে তিনি জানান, আদালতের নির্দেশের কপি নিয়েই তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন।
সোমবার ফের ইডির ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে যান তিনি। এদিন তাঁর সঙ্গে ছিলেন ছেলেও। তদন্তকারীরা দু’জনকেই দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। পরে তাঁর ছেলে দপ্তর থেকে বেরিয়ে গেলেও সুজিত বসুকে আটক রাখা হয়।
ইডি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদের সময় একাধিক বয়ানে অসংগতি ধরা পড়ে। এরপর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে গ্রেপ্তার করা হয়। শারীরিক পরীক্ষা শেষে সোমবার রাতেই তাঁকে আদালতে তোলা হতে পারে বলে জানা গিয়েছে।