নয়া জামানা : কলম্বোর NCC মাঠে শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করলেন দেবদত্ত পাড়িক্কল। এই ইনিংসের সুবাদে আসন্ন টেস্ট সিরিজে ভারতের প্রথম একাদশে জায়গা পাওয়ার দাবি আরও জোরালো করলেন তিনি।
শনিবার প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৩৫৭ রান তুলেছে ভারত। শ্রীলঙ্কার ইনিংসের থেকে তারা এখনও ৬ রান পিছিয়ে। ক্রিজে অপরাজিত রয়েছেন গুরনূর ব্রার (১৮ বলে ৩৬) এবং দেবদত্ত পাড়িক্কল, যিনি ১৬৪ বলে অপরাজিত ১৪২ রানে ব্যাট করছেন।
তিনদিনের এই প্রস্তুতি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে তারা ৩৬৩/৮ স্কোরে ইনিংস ডিক্লেয়ার করে। নিশান ফার্নান্দো ও রবিন্দু রাসান্থা প্রথম উইকেটে ১১০ রানের জুটি গড়ে দলকে ভালো সূচনা এনে দেন। নিশান ১২টি বাউন্ডারির সাহায্যে ৬৬ রান করে আউট হন। এরপর রবিন্দু ও পাসিন্দু সুরিয়াবন্দরা দ্বিতীয় উইকেটে যোগ করেন ৬১ রান, দলকে পৌঁছে দেন ১৭১ রানে। পাসিন্দু ৬টি চারের সাহায্যে ৩৫ রান করে ফেরেন, আর রবিন্দু খেলেন ৭টি বাউন্ডারি-সহ ৭১ রানের ইনিংস। পরে অধিনায়ক সোনাল দিনুশা ও রমেশ মেন্ডিসের সপ্তম উইকেটে ৬৩ রানের জুটি দলকে তিনশোর গণ্ডি পার করায়।
ভারতের বোলারদের মধ্যে রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব ও মানব সুতার নেন ২টি করে উইকেট, আর গুরনূর ব্রারের ঝুলিতে যায় ১টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে ফিরে যান যশস্বী জয়সওয়াল। দ্রুত এই ধাক্কা সামলে নেন দেবদত্ত পাড়িক্কল। অধিনায়ক কে এল রাহুলের সঙ্গে দ্বিতীয় উইকেটে তিনি গড়ে তোলেন ৯৬ রানের গুরুত্বপূর্ণ জুটি। রাহুল নিজে ১টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে ৪০ রান করে সাজঘরে ফেরেন।
এরপর একাই দলের রানের গতি ধরে রাখেন পাড়িক্কল। ১৮টি বাউন্ডারির সাহায্যে তিনি অপরাজিত থাকেন ১৪২ রানে। অন্যদিকে রবীন্দ্র জাডেজা ৬৩ রান করে রিটায়ার্ড হার্ট হন, আর মানব সুতার করেন ৪১ রান।
শ্রীলঙ্কার হয়ে রমেশ মেন্ডিস ও অসঙ্কা মনোজ ২টি করে উইকেট নেন। এছাড়া বিশ্ব ফার্নান্দো ও কেশরা নুভানথার ঝুলিতে যায় ১টি করে উইকেট।