নয়া জামানা, মালদা :সম্ভাব্য রাজনৈতিক রদবদলের আবহে চরম উত্তেজনা ছড়াল মালদা জেলায়। গাজোল বিধানসভা এলাকার চাকনগরে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ত্রিনাথ বিশ্বাসের বাড়ি ও দোকানে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাত থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যে বিজেপি এগিয়ে থাকার খবর ছড়াতেই জেলার বিভিন্ন প্রান্তে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উল্লাস দেখা যায়। অভিযোগ, সেই আবহেই একদল দুষ্কৃতী হঠাৎ করে তৃণমূল অঞ্চল সভাপতির বাড়ি এবং দোকানে চড়াও হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা ভেতরে ঢুকে আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের সাধারণ মানুষের মধ্যে।এদিকে, তৃণমূল নেতৃত্বের দাবি, রাজনৈতিকভাবে পরাস্ত করতে না পেরেই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এলাকায় সন্ত্রাস কায়েম করতেই বেছে বেছে শাসকদলের পদাধিকারীদের নিশানা করা হচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং উত্তেজনা প্রশমন করতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। বর্তমানে এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। তবে এই ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা থাকলেও পরিস্থিতি আপাতত পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।অন্যদিকে, তৃণমূলের তোলা এই সমস্ত অভিযোগ নিয়ে বিজেপির স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।