নয়া জামানা:প্রথম শ্রেণির ক্রিকেটে শততম ম্যাচ খেলতে চলেছেন মহম্মদ শামি। জাতীয় দলে বর্তমানে ব্রাত্য থাকলেও এখনও একার কাঁধে দলকে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন বাংলার এই পেসার। দলীপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চলের হয়ে খেলে ফের একবার নির্বাচকদের বার্তা দিতে চাইবেন তিনি। বিসিসিআই এই বিষয়ে উচ্চবাচ্য না করলেও, সিএবি শততম ম্যাচ উপলক্ষে চেন্নাইয়ে বিশেষ সম্মান জানাবে শামিকে।২০১০ সালে বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় শামির। দুবছর পর পূর্বাঞ্চলের দলীপ ট্রফি জয়ী দলেও ছিলেন তিনি।
১৪ বছর পর ফের দলীপের ফাইনালে উঠেছে পূর্বাঞ্চল, আর সেটাই হতে চলেছে শামির শততম ম্যাচ। চিপক স্টেডিয়ামে ম্যাচের আগে সিএবি-র তরফে একাধিক উপহার দেওয়া হবে তাঁকে। থাকবে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সই করা একটি বল এবং একশো লেখা একটি বিশেষ জার্সি। এছাড়াও থাকছে এক কেজি ওজনের একটি রুপোর স্মারক। এই উপহারগুলি নিয়ে চেন্নাইয়ে উড়ে যাচ্ছেন সিএবি-র কোষাধ্যক্ষ সঞ্জয় দাস।প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত ৯৯টি ম্যাচ খেলে ৩৮২টি উইকেট নিয়েছেন শামি, পাঁচ উইকেট নিয়েছেন ১৫ বার। দলীপ ট্রফির সেমিফাইনালে মধ্যাঞ্চলের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে তাঁর মোট উইকেট সংখ্যা ৯০০। ১৪৯টি লিস্ট এ ম্যাচে ২৮৩ এবং ১৯৬টি টি-টোয়েন্টিতে ২৩৮ উইকেট নিয়ে এই কৃতিত্ব অর্জনকারী ষষ্ঠ ভারতীয় পেসার হয়েছেন তিনি।