নয়া জামানা:বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজনের সম্ভাবনা সম্প্রতি খারিজ করে দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল।প্রতিযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্তে হতাশ হয়েছিলেন সেদেশের ক্রিকেটারেরা, বিশেষত যাঁরা ঘরোয়া ক্রিকেটের আয়ের উপর নির্ভরশীল। ক্ষতিপূরণ হিসাবে বোর্ডের কাছে ৩০ লক্ষ টাকা করে দাবি করেছিলেন তাঁরা।
সরাসরি প্রতিক্রিয়া না জানালেও পূর্বপ্রতিশ্রুতি রক্ষা করে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়িয়ে দিল তামিমের নেতৃত্বাধীন বোর্ড।গত মে মাসে প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি ৭৫ হাজার থেকে বাড়িয়ে এক লক্ষ টাকা করা হয়েছিল। এবার তা বাড়িয়ে করা হচ্ছে দেড় লক্ষ টাকা, অর্থাৎ ৫০ হাজার টাকা বৃদ্ধি। ঘরোয়া ওয়ানডেতে লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের ম্যাচ ফি ৫০ হাজার থেকে বেড়ে হচ্ছে ১ লক্ষ টাকা। টি-টোয়েন্টিতে ফি দ্বিগুণ হয়ে ৪০ হাজার থেকে ৮০ হাজার টাকা হচ্ছে।কয়েক দিন আগে ক্রিকেটারদের সংগঠনের সঙ্গে বৈঠকে পারিশ্রমিক দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল তামিমের অ্যাডহক কমিটি, যা এবার রক্ষা করা হল। তামিম আগে জানিয়েছিলেন, তাড়াহুড়ো করে অপরিকল্পিতভাবে বিপিএল আয়োজনের কোনও অর্থ নেই। তাঁর হিসাবে, ম্যাচ ফি বৃদ্ধিতে একজন ক্রিকেটার বছরে অতিরিক্ত ৩০-৩৫ লক্ষ টাকা আয় করতে পারবেন। দুবছর পর ফি ফের পর্যালোচনার ইঙ্গিতও দিয়েছেন তিনি। পাশাপাশি ক্রিকেটারদের কাছ থেকে বেশি পেশাদারিত্ব আশা করছেন তামিম, এবং অসম্পূর্ণ ফিট থাকা অবস্থায় খেলার অনুমতি চাওয়ার প্রবণতাও বন্ধ করতে চান।মহিলাদের ঘরোয়া ক্রিকেটেও ফি বাড়ানো হয়েছে। প্রথম শ্রেণির ম্যাচ এখন হবে চারদিনের, ফি ২০ হাজার থেকে বেড়ে ৪০ হাজার টাকা। ওয়ানডেতে ২০ থেকে ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ১০ থেকে ২০ হাজার টাকা করা হয়েছে।