নয়া জামানা:যৌথ পরিবার ভেঙে নিউক্লিয়ার রেশন কার্ড তৈরির দুর্নীতি সামনে আসার পর বন্ধ হয়ে গিয়েছিল রেশন কার্ড বিভাজনের প্রক্রিয়া। খাদ্য দপ্তরের সেই সিস্টেম ব্লক তুলে নেওয়া হল অবশেষে। এর ফলে যৌথ পরিবার থেকে প্রকৃতপক্ষে বিচ্ছিন্ন হওয়া একক সংসারগুলিও এবার আলাদা রেশন কার্ডের সুযোগ পাবে।
ঘটনার সূত্রপাত বাংলা আবাস যোজনার আবেদন নিয়ে। তদন্তে দেখা যায়, অনেক পরিবার বাস্তবে যৌথ থাকলেও কাগজে-কলমে হাঁড়ি আলাদা দেখিয়ে নিউক্লিয়ার রেশন কার্ড তৈরি করে আবাসের বাড়ি বাগিয়ে নিচ্ছে। কোথাও পরিবারের কর্তা ও তার দুই ছেলের নামে আলাদা আলাদা আবাসের বাড়ি অনুমোদন হওয়ার নজিরও মেলে। এই দুর্নীতি প্রকাশ্যে আসার পরই খাদ্য মন্ত্রক গোটা প্রক্রিয়াটি স্থগিত করে দেয়।কিন্তু এর জেরে বিপাকে পড়েন প্রকৃতপক্ষে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া সাধারণ মানুষ। যৌথ পরিবারের ডেটাবেসের সঙ্গে যুক্ত থাকায় তাঁরা রেশন থেকে বঞ্চিত হচ্ছিলেন।স্বয়ংক্রিয় যাচাই ব্যবস্থা গোটা পরিবারকে একটি আর্থিক ইউনিট ধরে নেওয়ায়, পরিবারের কোনও সচ্ছল সদস্যের কার্ড বাতিল হলে একই প্রোফাইলভুক্ত দরিদ্র ও যোগ্য উপভোক্তাদের কার্ডও বাতিল হয়ে যাচ্ছিল।এই সমস্যা তুলে ধরে কয়েক মাস আগে খাদ্য দপ্তরকে চিঠি দেয় ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, ফরম ১৪ বা অনলাইন হাউজহোল্ড ডিভিশনের মাধ্যমে রেশন কার্ড আলাদা করার সুযোগ বন্ধ থাকায় বহু প্রকৃত উপভোক্তা সমস্যায় পড়েছিলেন। তাঁদের আবেদনের ভিত্তিতেই খাদ্য দপ্তর ফের পুরনো ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেয়।এখন থেকে নির্দিষ্ট ফরম পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিলেই যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া সংসার আলাদা রেশন কার্ড পাবে। প্রকৃত যাচাইয়ের মাধ্যমে বাতিল হওয়া কার্ডও পুনর্বহাল করা হবে বলে জানিয়েছে খাদ্য দপ্তর। ফলে স্বস্তি পাবেন বহু প্রকৃত উপভোক্তা।