মানস দাস,নয়া জামানা: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া এবং সাধারণ মানুষকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের তীব্র বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।সোমবার সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন,ইতিমধ্যেই রাজ্যের ১ কোটি ৪৬ লক্ষেরও বেশি যোগ্য মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর দাবি,রাজনৈতিক বা ধর্মীয় কোনও ভেদাভেদ না করেই যোগ্য উপভোক্তাদের টাকা দেওয়া হচ্ছে।তিনি বলেন,এই প্রকল্পে প্রায় ১৯ লক্ষ মুসলিম পরিবারের অ্যাকাউন্টেও টাকা পৌঁছেছে।একই সঙ্গে পূর্বতন সরকারের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগও তোলেন তিনি।
এর আগে সোমবার বিকেলে সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচারে এসে অন্নপূর্ণা যোজনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ,নির্বাচনের আগে ভাতার প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়ার পর এখন নানা শর্ত ও জটিলতার অজুহাতে মা-বোনেদের বঞ্চিত করা হচ্ছে।
যোগ্য-অযোগ্য উপভোক্তার তালিকা নিয়েও অবস্থান স্পষ্ট করেন শুভেন্দু।তিনি জানান, সরকারি নিয়ম মেনেই আবেদনপত্র যাচাই করা হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে প্রায় সাড়ে ৪ লক্ষ অভিযোগ জমা পড়েছে।প্রতিটি অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
অন্যদিকে,মতুয়া ও হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ-এর আওতায় আবেদন দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হচ্ছে। এ বিষয়ে জেলাশাসকদের প্রশাসনিক নির্দেশ পাঠানো হয়েছে।মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে অপেক্ষায় থাকা ২ লক্ষ ৭ হাজার আবেদন দ্রুত নিষ্পত্তির পাশাপাশি নতুন আবেদনগুলিও নিয়ম মেনে যাচাই করা হবে। যোগ্য আবেদনকারীদের দ্রুত নাগরিকত্বের সরকারি শংসাপত্র দেওয়ার আশ্বাসও দেন তিনি।
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই সিএএ-কে ঘিরে এই ঘোষণা রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।