টিনা প্রামাণিক, নয়া জামানা, মালদহ: আকাঙ্ক্ষা আর কঠোর পরিশ্রমের সামনে দারিদ্র্য যে বাধা হতে পারে না, তা আরও একবার প্রমাণ করে দেখাল মালদা গভর্নমেন্ট মডেল মাদ্রাসা (ইংলিশ মিডিয়াম)- এর অষ্টম শ্রেণীর ছাত্রী উম্মে কুলসুম। বাগবাড়ি এলাকার এক অতি সাধারণ চালক পরিবারের মেয়ে সে। বাবা খালেক সেখ। দুই ভাই-বোনের পরিবারে বাবার দিনরাতের পরিশ্রম আর উম্মের অদম্য ইচ্ছাশক্তি আজ তাকে এনে দাঁড় করিয়েছে এক অনন্য সাফল্যের দৌড়গোড়ায়। উম্মের এই সাফল্যে এখন শুধু তার পরিবার নয়, আনন্দের জোয়ারে ভাসছে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। উম্মের এই লড়াই ও সাফল্যের কথা জানাতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আফরোজ্জামান হক জানান, ২০২৫ সালে এনসিসি-র ‘ফার্স্ট ক্যাম্প সিআরটিসি ডিয়ার-৪’-এ অসাধারণ পারফরম্যান্স করে সে দ্বিতীয় স্থান অর্জন করে। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখেই ২০২৬ সালে সে ঐতিহ্যবাহী আরডিসি (গণতন্ত্র দিবস) ক্যাম্পের জন্য মনোনীত হয়েছে। আগামী ৮ তারিখ উম্মে শিলিগুড়ি রওনা হচ্ছে, যেখানে তাকে একটি বিশেষ বক্তৃতা উপস্থাপন করতে হবে। শিলিগুড়ির এই ধাপটি সফলভাবে অতিক্রম করতে পারলেই উম্মে সুযোগ পাবে ২০২৭ সালের ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে আয়োজিত মর্যাদাপূর্ণ প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করার। শুধু তা-ই নয়, দিল্লিতে নিজের সেরাটা দিতে পারলে এনসিসি-র দূরদর্শী কর্মসূচির আওতায় তার সামনে খুলে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের অমূল্য সম্ভাবনা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অত্যন্ত গর্বের সঙ্গে জানান, উম্মে যেন সাফল্যের এই শিখরে পৌঁছাতে পারে, সে জন্য পুরো বিদ্যালয় পরিবার এবং স্থানীয়দের ভালোবাসাও দোয়া সবসময় তার পাশে রয়েছে।

নিজের এই সাফল্য ও সামনের দিনগুলো নিয়ে কথা বলতে গিয়ে উচ্ছ্বসিত উম্মে কুলসুম জানায়, মনে কিছুটা ভয় কাজ করলেও উত্তেজনাই এখন বেশি। কারণ জীবনের প্রথমবার সে নিজের জেলার সীমানা পেরিয়ে একটি নতুন শহর দেখতে যাচ্ছে। আবেগপ্লুত কণ্ঠে উম্মে বলে, তার বাবা দিনরাত হাড়ভাঙা খাটুনি খেটে পরিবারকে আগলে রাখেন। বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে বাবাকে একটি সুন্দর ও স্বাচ্ছন্দ্যের জীবন দেওয়াই তার মূল উদ্দেশ্য। ভবিষ্যতে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ পদ অর্থাৎ আইপিএস (IPS) অফিসার হওয়ার স্বপ্ন দেখে সে। নিজের এই স্বপ্নপূরণের পথ সহজ করে দেওয়ার জন্য এবং এমন এক আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পৌঁছানোর সুযোগ করে দেওয়ার জন্য উম্মে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।