স্বরূপ সাহা,নয়া জামানা, ইংরেজবাজার: শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে মালদার আদিনায় বাবা আদিনাথ শিবের রুদ্রাভিষেককে ঘিরে ভক্তদের ঢল নামে। হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে তারকেশ্বর থেকে আনা শিবলিঙ্গে রুদ্রাভিষেক উপলক্ষে সোমবার সকাল থেকেই মালদা ছাড়াও মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর-সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু ভক্ত আদিনায় উপস্থিত হন।প্রত্নতত্ত্ব বিভাগের সংরক্ষিত আদিনা স্থাপত্য সংলগ্ন প্রায় ৫০ মিটারের মধ্যেই অবস্থিত আদিনাথ শিব মন্দিরে এদিন বিশেষ পূজা, রুদ্রাভিষেক ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে গঙ্গাজল, দুধ, দই, ঘি, মধু ও বেলপাতা-সহ বিভিন্ন উপাচারে শিবলিঙ্গের পূজা করেন ভক্তরা।হিন্দু সুরক্ষা সমিতির আহ্বায়ক কাজল গোস্বামী দাবি করেন, বহু বছর ধরে শ্রাবণ মাসের প্রতি সোমবার স্থানীয় মানুষ এই মন্দিরে পূজা করে আসছেন। তাঁর আরও দাবি, আদিনার ইতিহাস পুনর্বিবেচনার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
অনুষ্ঠানের পুরোহিত স্বামী বিষ্ণু প্রসাদ জানান, তারকেশ্বর থেকে আনা শিবলিঙ্গ প্রতিষ্ঠার পর রুদ্রাভিষেক, বিশেষ পূজা ও প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ভক্তদের উপস্থিতিতে ধর্মীয় আচার সম্পন্ন হয়।মুর্শিদাবাদ থেকে আসা এক ভক্ত রিতা বিশ্বাস জানান, তাঁদের জেলা থেকে প্রায় ৪০ জন এই অনুষ্ঠানে অংশ নিতে এসেছেন। শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, দই, ঘি, মধু ও বেলপাতা নিবেদন করে পূজা করেছেন তাঁরা।ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই আদিনা এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয় এবং প্রত্নতত্ত্ব বিভাগের সংরক্ষিত স্থাপত্যের নিরাপত্তায়ও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।মালদার পুলিশ সুপার অনুপম সিং বলেন, প্রত্নতত্ত্ব বিভাগের সংরক্ষিত স্থাপত্য সংলগ্ন এলাকায় ধর্মীয় অনুষ্ঠান হওয়ায় পর্যাপ্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এবং সংরক্ষিত স্থাপত্যের কোনো ক্ষতি না হওয়া নিশ্চিত করাই প্রশাসনের লক্ষ্য।উল্লেখ্য, আদিনার ঐতিহাসিক স্থাপত্যকে ঘিরে দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি ও পাল্টা দাবি রয়েছে। বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন।
ধর্মীয় ভিত্তিক সব প্রকল্প বন্ধের ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য সরকারের