স্বরূপ সাহা,নয়া জামানা, ইংরেজবাজার: মালদা শহরের বৈধ টোটোগুলিতে জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে কিউআর কোড-সহ বিশেষ পরিচয়পত্র বিতরণ শুরু হতেই নতুন করে নির্ধারিত রুট নিয়ে আপত্তি তুললেন একাংশ টোটোচালক। আরটিও অনুমোদিত পুরনো রুট বহালের দাবিতে বৃহস্পতিবার মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় বিক্ষোভে সামিল হন তাঁরা।উল্লেখ্য, বুধবার জেলা পুলিশের উদ্যোগে বৈধ টোটোগুলিতে কিউআর কোড-সহ বিশেষ পরিচয় স্টিকার লাগানোর কাজ শুরু হয়। পুলিশ প্রশাসনের দাবি ছিল, এই ব্যবস্থার মাধ্যমে অবৈধ টোটো চিহ্নিত করা, নাবালক চালকদের টোটো চালানো রোধ করা এবং কোনও অপরাধের ক্ষেত্রে দ্রুত সংশ্লিষ্ট টোটো ও চালককে শনাক্ত করা সহজ হবে। পাশাপাশি প্রতিটি টোটোর জন্য নির্দিষ্ট রুটও উল্লেখ করা হয় ওই পরিচয়পত্রে।তবে সেই উদ্যোগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নতুন রুট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন টোটোচালকদের একাংশ। তাঁদের অভিযোগ, নতুন সূচনাপত্রে যে রুট নির্ধারণ করা হয়েছে, তা কার্যকর হলে অনেক ক্ষেত্রেই মাত্র দুই কিলোমিটারের মধ্যে টোটো চালাতে হবে। এত অল্প দূরত্বে যাত্রী পরিবহণ করে সংসার চালানো সম্ভব নয় বলে দাবি তাঁদের।বিক্ষোভকারী টোটোচালকদের পক্ষে মুকুল কর্মকার বলেন, তাঁরা সকলেই বৈধ টোটোচালক। আরটিও দপ্তর তাঁদের গাড়িতে নম্বর প্লেট দিয়েছে এবং নির্দিষ্ট রুটে চলাচলের অনুমতিও দিয়েছে। তাই আরটিও-র অনুমোদিত পুরনো রুটেই টোটো চালানোর সুযোগ দিতে হবে। নতুন করে পুলিশের নির্ধারিত রুট তাঁরা মানতে নারাজ।
বিক্ষোভকারীদের আরও দাবি, অবৈধ টোটো ও নাবালক চালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়াই প্রশাসনের দায়িত্ব। কিন্তু সেই ব্যবস্থা না নিয়ে বৈধ টোটোচালকদের ওপর নতুন নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে। তাই পুরনো রুট বহালের দাবিতেই তাঁদের এই আন্দোলন।যদিও এই বিষয়ে জেলা পুলিশ বা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।