নয়া জামানা:ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রি-কোয়ার্টার ফাইনালের রুদ্ধশ্বাস লড়াইয়ের অবসান ঘটেছে। মাঠের চরম নাটকীয়তা, অবিশ্বাস্য প্রত্যাবর্তন, টাইব্রেকারের স্নায়ুযুদ্ধ আর শেষ মুহূর্তের গোলের রোমাঞ্চ পেরিয়ে নির্ধারিত হয়ে গেছে শেষ আটের লাইনআপ। এখন বিশ্বমঞ্চে শুরু হচ্ছে আরও কঠিন ও অগ্নিপরীক্ষা, যেখানে সেমিফাইনালের চারটি টিকিটের জন্য মুখোমুখি হবে বিশ্বের সেরা আটটি পরাশক্তি। এবারের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স, বেলজিয়াম, মরক্কো, স্পেন, ইংল্যান্ড, সুইৎজারল্যান্ড, আর্জেন্তিনা এবং নরওয়ে। এই হাইভোল্টেজ পর্বে প্রতিটি ম্যাচই হতে চলেছে শেয়ানে শেয়ানে টক্কর, যা ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে।
আগামী ৯ জুলাই ভারতীয় সময় রাত ১টা ৩০ মিনিটে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে শক্তিশালী ফ্রান্স ও মরক্কো। ১০ জুলাই রাত ১২টা ৩০ মিনিটে বেলজিয়ামের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে দুর্দান্ত ফর্মে থাকা স্পেন। এরপর ১১ জুলাই রাত ২টা ৩০ মিনিটে মাঠে নামবে নরওয়ে ও ইংল্যান্ড। আর শেষ আটের সমাপনী ম্যাচে ১২ জুলাই ভারতীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে লিয়োনেল মেসির আর্জেন্তিনা। বিশ্বকাপের ট্রফির লড়াই যত এগোচ্ছে, উত্তেজনার পারদ ততই চড়ছে। নক-আউটের এই মরণ-বাঁচন লড়াইয়ে সামান্যতম ভুলেও বিদায় নিশ্চিত হতে পারে যেকোনো দলের। ফলে রণকৌশল সাজাতে ব্যস্ত সব দেশের কোচেরা। এখন দেখার, মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে কোন চারটি দল শেষ চারের টিকিট ছিনিয়ে নিতে পারে। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন শুধুই মাঠের এই মহাসংগ্রামের দিকে।