প্রদীপ কুন্ডু, নয়া জামানা, কোচবিহার: দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তুফানগঞ্জ মহকুমায় একটি পৃথক মহিলা মহাবিদ্যালয় স্থাপনের পথে বড় অগ্রগতি হল। রাজ্যে নবগঠিত সরকারের প্রথম বাজেটেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তুফানগঞ্জ বিধানসভা এলাকায় এই নতুন কলেজটি স্থাপনের কথা ঘোষণা করেছেন। এই খবর প্রকাশ্যে আসতেই স্থানীয় শিক্ষামহল, বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার হয়েছে।
বর্তমানে সমগ্র কোচবিহার জেলায় একমাত্র মহিলা উচ্চশিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত ‘ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়’। তুফানগঞ্জের এই নতুন শিক্ষাপ্রতিষ্ঠানটি চালু হলে এটি হবে জেলার দ্বিতীয় মহিলা কলেজ। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মালতি রাভা রায় জানান, তিনি দীর্ঘদিন ধরেই বিধানসভায় এই দাবি উত্থাপন করে আসছিলেন। নতুন সরকার গঠিত হওয়ার পর অবশেষে সেই দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শিক্ষাবিদদের মতে, গত কয়েক বছরে তুফানগঞ্জ মহকুমায় জনসংখ্যা এবং শিক্ষার হার—দুই-ই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় একটি পৃথক মহিলা কলেজের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। বর্তমানে এই মহকুমার বক্সিরহাট ও তুফানগঞ্জের দুটি সাধারণ কলেজে কয়েক হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছেন। নতুন কলেজটি তৈরি হলে বিদ্যমান কলেজগুলির ওপর থেকে পড়ুয়াদের চাপ অনেকটাই কমবে।
বিশেষ করে দূরবর্তী এলাকায় বসবাসকারী ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঘরের কাছে উচ্চশিক্ষার সুযোগ পৌঁছে দিতে এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন স্থানীয় শিক্ষানুরাগীরা। এবিভিপি এবং এসএফআই-এর মতো বিভিন্ন ছাত্র সংগঠনও এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। বাজেট ঘোষণার পর এখন স্থানীয় বাসিন্দাদের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপ ও দ্রুত জমি নির্বাচন করে নির্মাণকাজ শুরু করার দিকে।