সাজাহান আলি,নয়া জামানা,দক্ষিণ দিনাজপুর: দীর্ঘদিনের প্রতীক্ষা , জোর বিতর্ক ও নানান জল্পনার অবসান ঘটিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে হতে চলেছে মেডিকেল কলেজ।এই মর্মে রাজ্য সরকারের তরফে পাঠানো একটি চিঠি দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে এসে পৌঁছেছে। বালুরঘাটেই মেডিকেল কলেজ হতে চলেছে জেনে উচ্ছ্বসিত বালুরঘাটের বাসিন্দা সহ দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন স্তরের মানুষজন। এর ফলে বালুরঘাট জেলা হাসপাতাল তথা দক্ষিণ দিনাজপুর মেডিকেল কলেজের কল্যাণে স্বাস্থ্য পরিষেবা অনেক বেশি উন্নত হবে বলে জেলাবাসী আশা করছেন। বলার অপেক্ষা রাখে না, একদিকে বালুরঘাট অন্যদিকে গঙ্গারামপুর; কোথায় মেডিকেল কলেজ তৈরি হবে তা নিয়ে সম্প্রতি জোর বিতর্ক শুরু হলেও জেলার আপামর বাসিন্দারা চেয়েছিলেন যেখানেই হোক, জেলায় একটি মেডিকেল কলেজ যত তাড়াতাড়ি স্থাপিত হয় ততই মঙ্গল।দক্ষিণ দিনাজপুর মেডিকেল কলেজে আসন সংখ্যা হবে ১০০ টি। হাসপাতালে বেডের সংখ্যা কমপক্ষে ৪২০ টি হতে হবে।সর্বাধিক বালুরঘাট থেকে ১০ কিলোমিটার দূরত্বের মধ্যে মেডিকেল কলেজ সংযুক্ত হাসপাতাল এবং মেডিকেল ছাত্র-ছাত্রীদের হোস্টেল থাকতে হবে। এক্ষেত্রে সর্বাধিক দুটি ক্যাম্পাস তৈরির নির্দেশিকাও রয়েছে। মেডিকেল কলেজ তৈরির জন্য প্রয়োজনীয় জমি কোথায় পাওয়া যাবে এবং বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে কি কি সুযোগ সুবিধা ও পরিষেবা রয়েছে তাও জানতে চাওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এ বিষয়ে ইতিমধ্যেই জেলা প্রশাসন কাজে নেমে পড়েছে। বালুরঘাট হাসপাতালের ৩৩. ৭ একর জমি এবং আশানুরূপ পরিকাঠামো বালুরঘাটে মেডিকেল কলেজ তৈরির সিদ্ধান্তের পক্ষে প্লাস পয়েন্ট বলে অনেকে মনে করছেন। জেলাশাসক বালা সুব্রামানিয়ন টি জানান , জমি এবং ডিপিআর সংক্রান্ত তথ্য চেয়ে চিঠি এসেছে। চিঠি পাওয়ার পরই দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফে প্রস্তুতি শুরু করা হয়েছে। বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হওয়ার খবরে জেলার মানুষ ভীষণ উচ্ছ্বসিত। পাশাপাশি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পিছনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার এবং বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়কে শুভেচ্ছা জানানো হয়েছে।
আরও পড়ুন: