নয়া জামানা , কাঁচরাপাড়া : কাঁচরাপাড়ার বেসরকারি স্কুলে ফের তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল পুলিশ। প্রথম দফায় ১ কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধারের পাঁচদিন পর দ্বিতীয় দফার অভিযানে আরও ৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ফলে স্কুল থেকে উদ্ধার হওয়া মোট নগদের পরিমাণ দাঁড়াল প্রায় ১ কোটি ৮৫ লক্ষ টাকা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ জুন রাতে বীজপুর থানার পুলিশ ওই স্কুলে প্রথম হানা দেয়। তল্লাশি চালিয়ে ১ কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়। ঘটনায় স্কুলের অ্যাকাউন্ট্যান্ট অভীক নাগ ও জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট সায়ন পালকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই তদন্তকারীরা স্কুলে আরও নগদ অর্থ লুকিয়ে রাখা রয়েছে বলে জানতে পারেন।এরপর ১৫ জুন ধৃত দুই কর্মীকে সঙ্গে নিয়ে ফের স্কুলে তল্লাশি চালানো হয়। দ্বিতীয় দফার অভিযানে আরও ৮ লক্ষ টাকা উদ্ধার হয়। স্কুলের ভিতরে এত বিপুল পরিমাণ নগদ অর্থ কীভাবে জমা হয়েছিল এবং সেই টাকার উৎস কী, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। ধৃতদের জেরা করে অর্থের উৎস ও সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর বিতর্ক। বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস দাবি করেছেন, শুধু এই স্কুলেই নয়, আরও বিভিন্ন প্রতিষ্ঠানকে নগদ অর্থ গচ্ছিত রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকতে পারে। তাঁর অভিযোগের তির কাঁচরাপাড়ার পুরপ্রধান কমল অধিকারী-র দিকে। তিনি বলেন, নিরাপদ মনে করা বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ লুকিয়ে রাখা হয়েছিল বলেই তাঁর ধারণা। দ্রুত জিজ্ঞাসাবাদ হলে এই কালো টাকার উৎস সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে বলেও দাবি করেন তিনি।তবে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত পুরপ্রধানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে প্রশাসন ও রাজনৈতিক মহলের। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের চেষ্টা চলছে।
আরও পড়ুন: