অঞ্জন শুকুল, নয়া জামানা, নদীয়া: ভাগীরথী নদীর চরে কাঠ কুড়াতে গিয়ে ফেরার পথে নৌকা দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম শেফালী সরকার (৫৮)। তাঁর বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত বেলঘড়িয়া-২ গোবরচর মাঝেরপাড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভাগীরথী নদীর দ্বীপে কাঠ কুড়াতে গিয়েছিলেন তিনজন। বিকেলের দিকে আচমকাই আকাশে কালো মেঘ জমে ওঠে এবং ঝোড়ো হাওয়া শুরু হয়। এরপর তড়িঘড়ি টিনের ডুঙ্গা নৌকায় চেপে বাড়ি ফেরার সময় নদীর মাঝপথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। নৌকায় থাকা তিনজনই জলে পড়ে যান।স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। অন্য দুজনকে উদ্ধার করা গেলেও শেফালী সরকার নদীর জলে তলিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে ডাঙ্গায় নিয়ে আসা হলে শান্তিপুর থানায় খবর দেওয়া হয়।খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শেফালী সরকারকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।পরে শান্তিপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:
দক্ষিণ দিনাজপুরে গেরুয়া ঝড়ের ইঙ্গিত : ৬টির মধ্যে ৪টেতেই এগিয়ে বিজেপি, ২টি তে তৃণমূল