মোসাম্মদ আমরিন সুলতানা, নয়া জামানা, কলকাতা: সাইবার জালিয়াতির নতুন ফাঁদ ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর শিকার হয়ে ৪৫ লক্ষ টাকা খোয়ালেন কলকাতার লেক এলাকার এক অবসরপ্রাপ্ত অধ্যাপক। এই ঘটনায় ইতিমধ্যেই দুইজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের সাইবার বিভাগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে ওই অধ্যাপকের মোবাইলে একটি ফোন আসে। ফোনে নিজেদের কুরিয়ার সংস্থার কর্মী পরিচয় দিয়ে জানানো হয়, তাঁর নামে দুবাই থেকে একটি সন্দেহজনক পার্সেল এসেছে। এরপর তাঁর কাছ থেকে আধার নম্বর চাওয়া হলে তিনি তা দিয়ে দেন।
এরপর তাঁকে ভিডিও কলে যুক্ত হতে বলা হয়। ভিডিও কলে এক ব্যক্তি নিজেকে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসার হিসেবে পরিচয় দিয়ে দাবি করেন, অধ্যাপকের আধার ব্যবহার করে বেআইনি লেনদেন ও হাওলা মাধ্যমে অর্থ পাচার করা হয়েছে। এরপর তাঁকে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়।
অভিযোগ, আতঙ্কিত হয়ে ওই অধ্যাপক প্রতারকদের দেওয়া একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে মোট ৪৫ লক্ষ টাকা পাঠিয়ে দেন। পরে আরও টাকা দাবি করা হলে তাঁর সন্দেহ হয় এবং তিনি লেক থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগ দ্রুত পদক্ষেপ নেয় এবং দুইজনকে গ্রেপ্তার করে। পুরো চক্রটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।