বাপ্পা রায়, নয়া জামানা, শিলিগুড়ি: নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় সিন্ডিকেট রাজ নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছে বলে অভিযোগ। সেই অভিযোগকে সামনে রেখেই বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি-র পক্ষ থেকে একটি সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। স্টেশন চত্বর ও আশপাশের এলাকায় বিজেপি কর্মী-সমর্থকেরা উপস্থিত হয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হন।
বিজেপি নেতৃত্বের দাবি, নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় বিভিন্ন পরিষেবা ও ব্যবসার ক্ষেত্রে একটি প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণ বেড়ে চলেছে। এর জেরে সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীরা নানাভাবে সমস্যার মুখে পড়ছেন। অভিযোগ, বহু ক্ষেত্রে নির্দিষ্ট গোষ্ঠীর কাছ থেকেই পরিষেবা নিতে বাধ্য করা হচ্ছে, যার ফলে অতিরিক্ত আর্থিক চাপ পড়ছে সাধারণ মানুষের উপর।
এদিনের কর্মসূচিতে বিজেপি নেতারা জানান, সিন্ডিকেটের দৌরাত্ম্য রুখতে এবং মানুষকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ। তাঁদের বক্তব্য, কোনও ধরনের জোরজবরদস্তি বা বেআইনি চাপের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে। পাশাপাশি প্রশাসনের কাছেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার দাবি তোলা হয়।
কর্মসূচি চলাকালীন পথচলতি যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন বিজেপি কর্মীরা। অনেকেই নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন বলে দাবি দলের। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও এই ধরনের সচেতনতা কর্মসূচি চালিয়ে যাওয়া হবে এবং মানুষের স্বার্থ রক্ষায় প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটা হবে।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা। তবে গোটা বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
ঝাড়গ্রামে ‘ঝালমুড়ি চমক’! কনভয় থামিয়ে রাস্তার ধারে সাধারণ মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী