নয়া জামানা,বীরভূম: কথায় আছে ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই। তবে ইচ্ছা আর সঠিক সঞ্চয় থাকলে যেকোনো অসম্ভবকে সম্ভব করা যায়। এমনই এক অসম্ভবকে সম্ভব করল তারাপীঠের এক যুবক। কয়েক বছর ধরে মাটির ভাঁড়ে জমানো ৫-১০ টাকার কয়েন ভর্তি বস্তা নিয়ে শোরুমে গিয়ে কিনে ফেলল স্বপ্নের মোটরবাইক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক শ্রীনাথ লেট,বাড়ি তারাপীঠ মন্দির সংলগ্ন ফুলিডাঙা এলাকায়।শ্রীনাথ তারাপীঠের একটি পুজোর সামগ্রী বিক্রির দোকানের কর্মচারী। সামান্য আয়ে সংসার চলে। তাঁর শখ ছিল নিজস্ব একটা মোটরবাইক কেনার। কিন্তু বাধ সেজেছিল অভাব। এককালীন টাকা জোগাড় করা কঠিন বুঝেই বিকল্প পথ বেছে নেয় সে। প্রতিদিন কাজ শেষে বাড়ি ফিরে ৫-১০ টাকার কয়েন একের পর এক ভাঁড়ে জমাতে থাকে। শ্রীনাথ ভাঁড়গুলি ভাঙতেই চোখ কপালে ওঠে। জমানো কয়েন গুনে দাঁড়ায় দেড় লাখ টাকারও বেশি।তারপর বস্তায় ভরে কয়েনগুলি নিয়ে পৌঁছে যায় মল্লারপুরের বাইকের শোরুমে।শোরুমের কর্মীরাও এই ঘটনায় অবাক হয়ে যান। তারপরেই শুরু হয় বস্তা ভর্তি কয়েনগুলির গণনাপর্ব। কয়েন গোনা শেষ হলেই বাইকের কাগজ শ্রীনাথের হাতে তুলে দেওয়া হয়।