নয়া জামানা,কলকাতা:বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলে এবার পূর্ব থেকে সরাসরি পশ্চিমে এলেন রবীন্দ্র ভি ঘুগে। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন তিনি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা জানান। শপথগ্রহণ অনুষ্ঠানে বক্তৃতার সময়ে আইনি পরিভাষার বদলে নিজের জীবনসংগ্রামের কথাই তুলে ধরেন তিনি, হয়ে পড়েন আবেগপ্রবণ।অধ্যাপক বাবা ভিত্তাল রাও ঘুগের কথা স্মরণ করে তিনি জানান, ছেলেবেলায় বাড়ি থেকে চার মাইল দূরের স্কুলে প্রতিদিন সাইকেলে যাতায়াত করতেন। ল কলেজে ভর্তির পর সঙ্গী হয় একটি বাইক, সাড়ে সাতটা বছর যার সঙ্গে ঝড়ঝঞ্ঝা পেরিয়েছেন তিনি। মজার ছলে বলেন, বাইক চালানোর সময়ে অবশ্যই হেলমেট পরতেন।১৯৯০ সালে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরুর সময়েই বিয়ে করেন তিনি। স্ত্রী বর্ষার কথা উল্লেখ করে বলেন, সাইকেলের সিট থেকে হাইকোর্টের সেন্টার চেয়ার পর্যন্ত এই যাত্রা তাঁর গণতন্ত্রের প্রতি প্রতিজ্ঞারই বহন। প্রয়াত মায়ের আত্মত্যাগের কথাও স্মরণ করেন আবেগে।জুনিয়রদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, কঠোর পরিশ্রম, অধ্যাবসায় ও ডেডিকেশনই এই পেশার একমাত্র শর্ত। জানান, এথিক্সে কোনও সমঝোতা নয়। বার কাউন্সিলরদের প্রতি তাঁর বার্তা,আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করে বিচারের দরজা খোলা রাখতে হবে এবং বকেয়া মামলা দ্রুত নিষ্পত্তির দিকে নজর দিতে হবে।
আরও পড়ুন:
কলকাতা হাইকোর্টে স্থায়ী প্রধান বিচারপতি দায়িত্বে বিচারপতি রবীন্দ্র ঘুগে