মানস দাস,নয়া জামানা: দার্জিলিং পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বিশেষ কমিটি গঠন করল কেন্দ্রীয় সরকার।শনিবার সুকনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে পাহাড়ের রাজনৈতিক নেতৃত্বের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়।কমিটির নেতৃত্বে থাকছেন বিএসএফের প্রাক্তন ডিজি তথা প্রাক্তন আইপিএস পঙ্কজ কুমার সিং।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী,গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং, নেতা রোশন গিরি এবং দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা।বৈঠক শেষে কমিটি গঠনের বিষয়টি জানান রোশন গিরি।জানা গিয়েছে,পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বাধীন কমিটিতে রাজ্য ও গোর্খাদের একজন করে প্রতিনিধি থাকবেন।পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পক্ষের সঙ্গে আলোচনা করে তাঁরা একটি রিপোর্ট তৈরি করবেন।সেই রিপোর্ট জমা পড়বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।তবে কত দিনের মধ্যে রিপোর্ট জমা পড়বে তা এখনও স্পষ্ট নয়।
পৃথক গোর্খাল্যান্ডের দাবিকে ঘিরে অতীতে একাধিকবার উত্তপ্ত হয়েছে দার্জিলিং পাহাড়। এবারের বিধানসভা ভোটেও পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি বিজেপির প্রচারে বিশেষ গুরুত্ব পেয়েছিল।ফলে শাহের সঙ্গে পাহাড়ের নেতাদের এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।বৈঠকে অমিত শাহ জানিয়েছেন,সাংবিধানিক পথেই পাহাড়ের সমস্যার সমাধান করা হবে।পাশাপাশি দার্জিলিংয়ের উন্নয়ন নিয়েও নিয়মিত পর্যালোচনা বৈঠকের আশ্বাস দিয়েছেন তিনি। জিটিএ-র উন্নয়নেও আরও পদক্ষেপ নেওয়ার কথা হয়েছে।
গোর্খা নেতারাও সাংবিধানিক পথেই পাহাড়ের সমস্যার সমাধানের বিষয়ে সম্মতি জানিয়েছেন।ফলে দীর্ঘদিনের অশান্ত পাহাড়ে এবার রাজনৈতিক সমাধানের নতুন দরজা খুলল কি না এখন সেদিকেই নজর গোটা বাংলার।