নয়া জামানা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাজ্য রাজনীতি ফের সরগরম। এই আবহে শনিবার ভবানীপুরে অন্নপূর্ণার এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ, বিরোধীদের ভূমিকা ও সংবাদমাধ্যমের একাংশের অবস্থান নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যাদবপুরের ভেতরে-বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠাই তাঁর সরকারের মূল লক্ষ্য।মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ক্যাম্পাসে বন্দে মাতরম্ গাওয়া ও জাতীয় পতাকা তোলায় বাধা দেওয়া হয়, এমনকি সিসিটিভি ক্যামেরা বসাতেও বাধা দেওয়া হয়েছে।
ক্যাম্পাসে একশ্রেণির টুকড়ে-টুকড়ে গ্যাং ও রাষ্ট্রবিরোধী শক্তি সক্রিয় বলে অভিযোগ তুলে তিনি বলেন, যারা ২৬ জানুয়ারি বা ১৫ অগস্ট পালন করে না, তাদের পক্ষে সংবাদমাধ্যমের একাংশ সহানুভূতি দেখালেও সরকার নিজের অবস্থান থেকে সরবে না। তাঁর কথায়, এই সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এসেছে। রাষ্ট্রবাদ, সনাতন সংস্কৃতি, বন্দে মাতরম্, তেরঙ্গা, রবীন্দ্রনাথ-নেতাজি-বঙ্কিমচন্দ্র কিংবা কালীঘাট, দক্ষিণেশ্বর, তারকেশ্বরের আস্থার সঙ্গে কোনও সমঝোতা হবে না।বিরোধীদের আন্দোলন প্রসঙ্গে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়ায় রিল বানিয়ে বা রাস্তায় জনা কুড়ি লোক নামিয়ে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টায় লাভ নেই। তৃণমূলকে খণ্ড-বিখণ্ড দল আখ্যা দিয়ে তিনি বলেন, দলের নেতৃত্ব দিশাহীন হয়ে ঘুরছে। সিপিএমকেও তোপ দেগে তিনি বলেন, জামানত বাজেয়াপ্ত হওয়া দল যতই মরা কান্না কাঁদুক, রাজনৈতিক জল বেশি দূর গড়াবে না।
বিজেপি কোনদিনই পারবেনা বাংলার মতো প্রকল্পের সহায়তা সাধারণকে দিতে: লাভপুরের সভায় বিস্ফোরক অভিষেক