টিনা প্রামাণিক, নয়া জামানা, মালদহ: মাত্র আধ ইঞ্চির একটি চক পেন্সিল, আর তাতেই ফুট উঠেছে বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর নিখুঁত প্রতিকৃতি! স্বাধীনতা দিবসের আবহে এমনই এক অবিশ্বাস্য ক্ষুদ্রশিল্প সৃষ্টি করে সবাইকে চমকে দিয়েছেন মালদার মানিকচক ব্লকের মথুরাপুর এলাকার বাসিন্দা সৌরভ মালাকার। মানিকচক কলেজের এই প্রাক্তন ছাত্রের অনন্য এই সৃষ্টি ইতিমধ্যেই নেটপাড়ায় দারুণ ভাইরাল।
চিত্রশিল্পী ঠাকুরদা স্বর্গীয় পঞ্চানন মালাকারের হাত ধরেই ছোটবেলায় শিল্পচর্চায় হাতেখড়ি সৌরভের। তবে অন্যান্য সাধারণ ছবির চেয়ে সূক্ষ্ম ক্ষুদ্রশিল্পেই তাঁর টান বেশি। মাত্র ২০ থেকে ২৫ মিনিটের চেষ্টায় সুঁচ, ব্লেড এবং সূক্ষ্ম চাকুর সাহায্যে চক পেন্সিলের ওপর খোদাই করে তিনি ফুটিয়ে তুলেছেন নেতাজির এই ক্ষুদ্র প্রতিকৃতিটি। যার উচ্চতা আধ ইঞ্চিরও কম। নিখুঁত কারুকার্য ও দক্ষতার এই রূপ দেখে স্তম্ভিত শিল্পপ্রেমীরা।

তবে সৌরভের জন্য এমন কৃতিত্ব নতুন নয়। এর আগেও তিনি মটরের ডাল, কালিন্দী নদীর তীরের বালি, হাতের নখ, ১০ টাকার কয়েন এবং সামান্য একটি সরষে দানার ওপর নেতাজির প্রতিকৃতি তৈরি করে সাড়া ফেলে দিয়েছিলেন।
নেতাজির প্রতি এই গভীর অনুরাগের কথা জানাতে গিয়ে তরুণ শিল্পী সৌরভ বলেন, ‘ছোটবেলা থেকেই নেতাজির প্রতি আমার এক আলাদা আবেগ কাজ করে। নেতাজির আত্মত্যাগ ও লড়াই না থাকলে হয়তো আজ আমরা পরাধীনতার শৃঙ্খলেই বাঁধা থাকতাম। তাঁর দৌলতেই আমরা আজ স্বাধীন এবং ১৫ই আগস্ট পালন করতে পারছি। দেশের ৮০ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমার এই ক্ষুদ্র শিল্পের মাধ্যমে নেতাজিকে শ্রদ্ধা জানাতে পেরে আমি অত্যন্ত গর্বিত।’ ক্ষুদ্র পরিসরে বৃহৎ সৃষ্টির এই অনন্য দৃষ্টান্ত ফুটিয়ে তুলে সৌরভ মালাকার শুধু মানিকচক নয়, গোটা জেলার মুখ উজ্জ্বল করেছেন। তাঁর এই প্রতিভাকে কুর্ণিশ জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।
স্বাধীনতা দিবসের আগে মালদার রাজপথে তিরঙ্গা যাত্রা,‘হর ঘর তিরঙ্গা’র ডাক বিজেপির