নয়া জামানা,মালদা:ট্রেনের প্রতিবন্ধী কামরা থেকে উদ্ধার এক শারীরিক প্রতিবন্ধী যুবক! ভিক্ষাবৃত্তির জন্য তাঁকে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল। মালদা টাউন স্টেশনে অভিযান চালিয়ে ওই যুবককে উদ্ধার করল রেল পুলিশ।ঘটনায় গ্রেপ্তার হয়েছে বাবা ও ছেলে।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে,গোপন সূত্রে খবর পেয়ে ডাউন তিস্তা-তোর্সা এক্সপ্রেসের প্রতিবন্ধী কামরায় তল্লাশি চালানো হয়।ট্রেনটি সোমবার রাত ৭টা ৪০ মিনিট নাগাদ মালদা টাউন রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতেই অভিযান চালায় পুলিশ।সেখান থেকেই দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় ২১ বছরের শারীরিক প্রতিবন্ধী বাবলু কুমারকে।তাঁর বাড়ি বিহারের খাগড়িয়া জেলার আলাউলি থানা এলাকায়।পুলিশের কাছে বাবলু অভিযোগ করেছেন, মোঃ বুদুর নামে এক ব্যক্তি তাঁকে অপহরণ করেছিল।
পরে তাঁর শারীরিক অক্ষমতার সুযোগ নিয়ে ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করার উদ্দেশ্যে গত ৮ জুন তাঁকে ৩০ হাজার টাকার বিনিময়ে মোঃ তাইয়বের কাছে বিক্রি করে দেওয়া হয়।অভিযোগ,এরপর তাইয়ব ও তাঁর ১৮ বছরের ছেলে মোঃ মাইশার বাবলুকে নিয়ে তিস্তা-তোর্সা এক্সপ্রেসে জঙ্গিপুরের দিকে যাচ্ছিলেন। মালদা টাউন স্টেশনে পৌঁছতেই পুলিশের অভিযানে ধরা পড়েন দু’জন।বাবলুর অভিযোগের ভিত্তিতে মালদা টাউন GRPS-এ BNS-এর ১৪৩/১৪৬/৩(৫) ধারায় মামলা দায়ের হয়েছে।গ্রেপ্তার দু’জনকে আগামীকাল আদালতে পেশ করা হবে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী সুজিত বসু