নয়া জামানা ,রায়গঞ্জ : বুধবার বেলা ১টায় উত্তর দিনাজপুর জেলা শাসকের দপ্তরের স্বামী বিবেকানন্দ মিটিং হলে জাতীয় আদমসুমারি-র স্ব-গণনা বিষয়ক একটি আলোচনা ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করবেন উত্তর দিনাজপুরের জেলাশাসক ড. অভিজিৎ শেভালে।
প্রশিক্ষণ কর্মসূচিতে জেলাশাসক নিজেই স্ব-গণনার প্রক্রিয়া সম্পন্ন করে তার প্রতিটি ধাপ বিশদভাবে উপস্থিত আধিকারিকদের সামনে তুলে ধরেন। জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের পাশাপাশি জেলা পুলিশের আধিকারিকরাও এই কর্মসূচিতে সশরীরে এবং ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে অংশ নেবেন।
জেলাশাসক ড. অভিজিৎ শেভালে জানান, দেশের এই বৃহৎ জনগণনা কর্মসূচিকে আরও সহজ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করে তুলতেই স্ব-গণনার ব্যবস্থা চালু করা হয়েছে। সাধারণ মানুষ যাতে নিজেরাই নির্ধারিত পদ্ধতিতে তথ্য প্রদান করে এই জাতীয় কর্মযজ্ঞের অংশীদার হতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।
তিনি আরও বলেন, যাঁরা প্রযুক্তিগত অসুবিধা বা অন্য কোনও কারণে স্ব-গণনা করতে পারবেন না, তাঁদের জন্য চিন্তার কোনও কারণ নেই। নির্ধারিত সময়ে সেন্সাস গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। সেই ক্ষেত্রে নাগরিকদের গণনাকারীদের প্রতি পূর্ণ সহযোগিতা করার আবেদন জানান জেলাশাসক।
প্রশাসনের আশা, এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে স্ব-গণনা সম্পর্কে বিভিন্ন স্তরের আধিকারিকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পাবে এবং আসন্ন আদমসুমারির কাজ আরও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।