নয়া জামানা , মালদহ : বীরভূমের পর এবার মালদহ। ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা, সোনা ও নিষিদ্ধ কাফ সিরাপ। রবিবার গভীর রাতে পুলিশি অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহ শহরের মঙ্গলবাড়ি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদহ থানা এলাকার মঙ্গলবাড়িতে একটি বেসরকারি আবাসনের তিনতলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয়েছে ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার টাকা নগদ, ২০ গ্রাম সোনা এবং প্রায় ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। বিপুল পরিমাণ নগদ টাকা গোনার জন্য বিশেষ যন্ত্র নিয়ে যেতে হয় পুলিশকে।
এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পিন্টু সরকার নামে এক ব্যবসায়ীকে। তাঁর আদি বাড়ি মালদহের নবাবগঞ্জে। ওষুধের ব্যবসার আড়ালে তিনি শহরের চৌরঙ্গি মোড়ের ওই বহুতল আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। ফ্ল্যাটটির মালিক দিলীপ সাহা। পুলিশ যখন হানা দেয়, তখন পিন্টু ফ্ল্যাটেই ছিলেন। তাঁকে সঙ্গে নিয়েই শুরু হয় তল্লাশি, আর আলমারি খুলতেই বেরিয়ে পড়ে থরে থরে সাজানো নোটের বান্ডিল।
তদন্তকারীদের দাবি, ওষুধের ব্যবসার আড়ালে আসলে কাফ সিরাপের বেআইনি কারবার চালাতেন পিন্টু, আর সেই লেনদেনের সূত্রেই জমেছিল বিপুল অঙ্কের নগদ।
পুলিশ জানিয়েছে, গত ৫ জুলাই দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রীপাড়া এলাকা থেকে প্রায় ১৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত হয়। সেই ঘটনায় গ্রেপ্তার হন চারজন। তাঁদের জেরা করেই মালদহের পিন্টু সরকারের নাম উঠে আসে। এরপর মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। জুলাইয়ে ধৃত চারজনকেই সঙ্গে নিয়ে রবিবার মালদহের ওই ফ্ল্যাটে হানা দেয় পুলিশ।
এই ঘটনায় বৃহত্তর মাদক পাচার চক্রের হদিশ মিলেছে বলে মনে করছে পুলিশ। ধৃত পিন্টু সরকারকে জেরা করে এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এই ঘটনায় বীরভূমের পর মালদহেও বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনা প্রশাসনিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।