সায়ন ভান্ডারী,নয়া জামানা, বীরভূম: বীরভূমের রামপুরহাট শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড় সংলগ্ন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এলাকায় রেলের জায়গায় ব্যবসা করা ফুটপাত ব্যবসায়ীদের দোকানে কয়েকদিন আগে নোটিশ টাঙিয়েছিল রেল কর্তৃপক্ষ। নোটিশে জানানো হয়েছিল, রেলের জায়গা দখল করে যেসব ব্যবসায়ী ব্যবসা করছেন, তারা নিজেরাই দোকানের সমস্ত সামগ্রী সরিয়ে নিন। অন্যথায় রেলের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হবে। এই নোটিশ ঘিরে দুশ্চিন্তায় পড়েছিলেন বহু ফুটপাত ব্যবসায়ী। তবে রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর ফুটপাত ব্যবসায়ীদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন, দুর্গাপুজো পর্যন্ত যেসব ব্যবসায়ী জায়গা দখলমুক্ত রেখে ব্যবসা করছেন, তাদের উচ্ছেদ করা হবে না। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বস্তি ফিরেছে রামপুরহাটের ফুটপাত ব্যবসায়ীদের মধ্যে। ব্যবসায়ীদের দাবি, যেখানে যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছে, সেইসব জায়গায় প্রশাসন ব্যবস্থা নিক। কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করা ছোট ব্যবসায়ীদের বিষয়টিও যেন মানবিকভাবে দেখা হয়। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক ফুটপাত ব্যবসায়ী জানান, মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে তারা খুশি। তিনি বলেন আমাদের মতো ছোট ব্যবসায়ীদের কথা চিন্তা করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। আমরা চাই নিয়ম মেনে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক।
‘১৬ মে উচ্ছেদ অভিযান’- হটন রোডে দখলমুক্ত অভিযানে আসানসোল পৌরনিগম