নয়া জামানা,মালদা: বর্ষাকাল চললেও মালদায় স্বস্তির দেখা নেই। মাঝেমধ্যে বৃষ্টি হলেও কমছে না ভ্যাপসা গরম। সকাল থেকে রাত পর্যন্ত অতিরিক্ত আর্দ্রতায় নাজেহাল সাধারণ মানুষ। রাস্তাঘাট, বাজার, অফিস-আদালত— সর্বত্রই একটাই অভিযোগ, বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম কমছে না।ভারতীয় আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে মালদায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ, যা বিকেলেও ৯১ শতাংশের আশপাশে ছিল। সাধারণত আর্দ্রতার মাত্রা ৬০ শতাংশের বেশি হলে ভ্যাপসা গরম অনুভূত হয়। সেখানে ৯০ শতাংশের বেশি আর্দ্রতার কারণে শরীরের ঘাম শুকাতে না পেরে অস্বস্তি আরও বেড়ে যাচ্ছে।গত ২৪ ঘণ্টায় মালদায় ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তবে এই বৃষ্টির ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও বেড়ে যাওয়ায় স্বস্তির বদলে ভ্যাপসা পরিবেশ তৈরি হয়েছে। বৃহস্পতিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা খুব বেশি না হলেও অতিরিক্ত আর্দ্রতার কারণে গরমের অনুভূতি অনেক বেশি হচ্ছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনও মালদায় মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির পর যদি পর্যাপ্ত ঠান্ডা হাওয়া না বয়, তাহলে আর্দ্রতা কমে না। ফলে বৃষ্টি থামার কিছুক্ষণের মধ্যেই আবার ভ্যাপসা গরম ফিরে আসে।চিকিৎসকদের পরামর্শ, এই ধরনের আবহাওয়ায় পর্যাপ্ত জল পান করা, হালকা সুতি পোশাক পরা এবং দীর্ঘক্ষণ গুমোট পরিবেশে না থাকাই শ্রেয়।