সাজাহান আলি,নয়া জামানা,দক্ষিণ দিনাজপুর : অন্নপূর্ণা যোজনায় আবেদন করার পরেও নাম বাতিল হওয়ায় ও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়ে বিক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। মঙ্গলবার কুমারগঞ্জ ব্লক , বালুরঘাট ব্লক , গঙ্গারামপুর ব্লক ,তপন ব্লক সহ দক্ষিণ দিনাজপুর জেলার ৮ টি ব্লকের সর্বত্র কমবেশি এই বিক্ষোভ দেখা যায়। কুমারগঞ্জ ব্লকে বিক্ষোভ চলাকালীন বিডিও অফিসে প্রবেশের কোলাপসিবল গেট লাগিয়ে দেওয়া হয় , যাতে বিক্ষোভকারীরা ভেতরে ঢুকতে না পারে। প্রত্যেকের একই অভিযোগ ,সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও কেন অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে না তার কৈফিয়ত প্রশাসনকে দিতে হবে। যথাশীঘ্র বঞ্চিত মহিলারা যাতে অন্নপূর্ণা যোজনার টাকা পায় তার ব্যবস্থাও ব্লক প্রশাসনকে করতে হবে। বস্তুত মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় সমস্ত ব্লকে এই মহিলাদের বিক্ষোভের বিরাট প্রভাব পড়ে। সর্বত্র আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভের বিষয়টি।
কুমারগঞ্জ ব্লকে বিক্ষোভ চলাকালীন অন্নপূর্ণা যোজনায় বঞ্চিত সুপর্ণা বসাক , মালতি রায়, ঝুমা বসাক,শেফালী মহন্ত প্রবল ক্ষোভের সঙ্গে জানান, এর আগে লক্ষীর ভান্ডারের টাকা পেতাম। অন্নপূর্ণা যোজনা নতুন সরকারের আমলে শুরু হওয়ায় এখানেও আবেদন করেছিলাম। কিন্তু আমাদের আবেদন কি কারনে বাতিল করা হয়েছে আমরা জানিনা। তাই আমরা যাতে বঞ্চিত না হই তার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে । যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পুনরায় প্রশাসনের তরফে উদ্যোগ নিয়ে অন্নপূর্ণা যোজনার তালিকায় নাম ঢোকাতে হবে। মোট কথা বিনা কারণে নতুন সরকারের আমলে অন্নপূর্ণা যোজনা থেকে আমরা কিছুতেই বঞ্চিত হতে চাই না। যতদিন না আমাদের দাবি পূরণ হবে আমরা লাগাতার ভাবে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাব। প্রশাসন সূত্রে জানা গিয়েছে , অঙ্গনওয়াড়ি কর্মীদের মাধ্যমে বাতিল হওয়া মহিলাদের পুনরায় বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন তথ্য যাচাই ও পুনরায় আবেদন করার প্রক্রিয়াটি চলবে। এর ফলে অন্নপূর্ণা যোজনার এই সমস্যাগুলি আগামী কিছুদিনের মধ্যেই সমাধান হতে পারে বলে মনে করা হচ্ছে।