রূম্পা দাস,নয়া জামানা,বীরভূম: বীরভূমের লাভপুর থানার সামনেই মাটির বাড়ি ভেঙে চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতের নাম মালতি চৌধুরী (৬৪)। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের পাশাপাশি উঠেছে সরকারি আবাসন নিয়ে প্রশ্ন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাভপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মালতি চৌধুরী দীর্ঘদিন ধরে অত্যন্ত জীর্ণ ও বিপজ্জনক অবস্থায় থাকা একটি মাটির বাড়িতে বসবাস করছিলেন। পরিবারের অভিযোগ, সরকারি আবাসনের জন্য বারবার আবেদন করা হলেও এতদিন পর্যন্ত বাড়ি মেলেনি। ফলে বাধ্য হয়েই ভাঙাচোরা বাড়িতেই দিন কাটাতে হচ্ছিল তাঁকে।পরিবারের দাবি, নতুন সরকার গঠনের পর প্রায় দশ দিন আগে সরকারি আবাসনের জন্য তাঁদের বাড়িতে সমীক্ষা করা হয়। কিন্তু নতুন বাড়ি পাওয়ার আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।বুধবার সকাল প্রায় ৬টা নাগাদ মালতি চৌধুরী বাড়ির ভিতর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। সেই সময় আচমকাই মাটির বাড়িটি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান তিনি। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে মাটি সরিয়ে তাঁকে উদ্ধার করেন এবং দ্রুত লাভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের অভিযোগ, সময়মতো সরকারি আবাসন পেলে এই দুর্ঘটনা এড়ানো যেত। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।
অধীরের হাত ধরে ঘর ওয়াপসি সুফিয়ানের, কংগ্রেসের শক্তিবৃদ্ধিতে পাল্টা কটাক্ষ তৃণমূলের