রাকেশ লাহা, নয়া জামানা, বর্ধমান: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় রাজ্যস্তরে তৃতীয় স্থান অধিকার করে রানীগঞ্জের নাম উজ্জ্বল করল মেধাবী ছাত্র উমাং ভুট। রানীগঞ্জের ডাক বিভাগের এজেন্ট অমিত ভূতের ছেলে উমাং-এর এই অভাবনীয় সাফল্যে খুশির হাওয়া গোটা খনি অঞ্চলে। চলতি বছরের ২৪ মে রাজ্যজুড়ে হওয়া এই মর্যাদাপূর্ণ পরীক্ষায় প্রায় ২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী বসেছিলেন। তাদের সকলকে পেছনে ফেলে মেধা তালিকায় শীর্ষ তিন-এ জায়গা করে নিয়েছে উমাং।
রানীগঞ্জের একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে দ্বাদশ শ্রেণী পাস করার পর দুর্গাপুরের একটি বেসরকারি স্কুল এবং একটি নামী কোচিং সেন্টার থেকে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নেয় সে। উমাং জানায়, ভালো ফলের আশা থাকলেও রাজ্যের মধ্যে তৃতীয় হবে তা সে ভাবেনি। এই সাফল্যের পেছনে নিজের দু’বছরের কঠোর পরিশ্রমের পাশাপাশি বাবা-মা এবং শিক্ষকদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্বীকার করেছে সে। পড়াশোনার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময় বেঁধে রাখেনি উমাং, যখনই মন চেয়েছে তখনই বই নিয়ে বসে পড়েছে। ছেলের এই অসামান্য কৃতিত্বে গর্বিত ও আপ্লুত তার বাবা-মা। আপাতত আইআইটি খড়গপুর থেকে উচ্চশিক্ষা লাভ করাই আগামী দিনে উমাং-এর প্রধান লক্ষ্য।
আরও পড়ুন: