সুস্মিতা রায়, নয়া জামানা, জলপাইগুড়ি: স্বামীর কাছে স্ত্রীর মর্যাদা ও ন্যায্য অধিকার ফিরে পাওয়ার দাবিতে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়ি দক্ষিণ পদমতি তিস্তা সংলগ্ন রামচরণ এলাকায় এক নারীর ধর্না বিক্ষোভ দ্বিতীয় দিনে পড়ল। গত সোমবার থেকে শুরু হওয়া এই অবস্থান বিক্ষোভ মঙ্গলবারেও জারি রেখেছেন সরস্বতী সরকার নামের ওই নারী। তাঁর স্পষ্ট কথা, অধিকার ও দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি ধর্নাস্থল ছাড়বেন না। গতকাল থেকে তিনি কোনো খাবার গ্রহণ করেননি এবং প্রয়োজনে আমরণ অনশনে বসার হুঁশিয়ারিও দিয়েছেন।
ধর্নারত সরস্বতী সরকারের অভিযোগ, তাঁর স্বামী শ্রীবাস সরকার তাঁকে না জানিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন এবং বর্তমানে তাঁকে ফেলে অন্যত্র বসবাস করছেন। স্বামীর আশ্বাসের ওপর তিনি আর ভরসা করতে পারছেন না। এর আগে শ্রীবাস সরকার টেলিফোনে জানিয়েছিলেন যে, সরস্বতী দেবী তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলে তিনি তাঁকে ফিরিয়ে নিতে রাজি আছেন। তবে এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়ে সরস্বতী সরকার জানান, আগে তাঁর দাবি পূরণ হতে হবে, মামলা প্রত্যাহারের বিষয়টি তার পরে ভাবা যাবে। কোনো অবস্থাতেই দাবি পূরণের আগে তিনি আইনি লড়াই থেকে পিছপা হবেন না।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কৌতূহলী প্রতিবেশীদের ভিড় উপচে পড়ছে ধর্নাস্থলে। এরই মধ্যে এক নারী দাবি করেছেন, যে বাড়ির সামনে ধর্না চলছে, সেটি তাঁরা শ্রীবাস সরকারের কাছ থেকে কিনে নিয়েছেন। তবে বাড়ি বিক্রির এই দাবি এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পারিবারিক এই জটিল বিবাদ শেষ পর্যন্ত আইনি নাকি সামাজিক কোন পথে সমাধান হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন:
থামেনি চক্ষুদানের অঙ্গীকার! স্বামীর মৃত্যুবার্ষিকীতে স্ত্রীর নজির গড়া সিদ্ধান্ত