তারিক আনোয়ার,নয়া জামানা,বীরভূম: সাঁইথিয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা মহাশয়ের অনুরোধে তালবাঁধ ক্রাশার ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং পাঁচামী মাইনস ওনার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ভাসাব্রীজ সংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কারের কাজ সম্পন্ন করা হয়।ভাসাব্রীজ এলাকার এই রাস্তা সাঁইথিয়া শহর ও আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন এই পথ ব্যবহার করে বহু ব্যবসায়ী, সাধারণ মানুষ, ছাত্রছাত্রী ও কলেজ পড়ুয়ারা যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় যাতায়াতে সমস্যার সৃষ্টি হচ্ছিল। সেই সমস্যা দূর করতেই এই সংস্কার কাজ করা হয়।রাস্তা মেরামতের কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে। এলাকাবাসীর মতে, এই উদ্যোগের ফলে যাতায়াত আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।তালবাঁধ ক্রাশার ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও পাঁচামী মাইনস ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শুধুমাত্র ব্যবসায়িক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বিভিন্ন সমাজসেবামূলক কাজেও নিয়মিত অংশগ্রহণ করে। কয়েকদিন আগেই প্রশাসনের অনুরোধে তিলপাড়া বাইপাস রাস্তার সংস্কারের কাজ করা হয়েছে। এবার বিধায়ক কৃষ্ণকান্ত সাহার অনুরোধে ভাসাব্রীজ সংলগ্ন রাস্তার সংস্কারের উদ্যোগ নেওয়া হলো। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কাজে তারা পাশে থাকবে বলে জানিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা।এই জনস্বার্থমূলক উদ্যোগের জন্য উভয় অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক কৃষ্ণকান্ত সাহা। তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিভিন্ন সংগঠন এভাবে এগিয়ে এলে এলাকার উন্নয়নের কাজ আরও দ্রুত বাস্তবায়িত হবে।
আরও পড়ুন:
নবান্নের তৎপরতায় নবাবের জেলায়, রাজা কৃষ্ণনাথের নামেই বিশ্ববিদ্যালয়