অশোক মিত্র, নয়া জামানা, ধূপগুড়ি : কামতাপুর রাজ্যের দাবিকে সামনে রেখে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল-এর মেগা যোগদান কর্মসূচিকে ঘিরে ধূপগুড়িতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বুধবার ধূপগুড়ি শহরের নেতাজি সুভাষ রোড সংলগ্ন একটি বেসরকারি ভবনে আয়োজিত এই যোগদান সভায় তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে সহস্রাধিক নেতা-কর্মী এবং সমর্থক কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পতাকা হাতে তুলে নেন।
এদিনের সভায় ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন কেএলও সুপ্রিম জীবন সিংহ। তাঁর বক্তব্যে কামতাপুর রাজ্যের দাবি এবং উত্তরবঙ্গের মানুষের অধিকার আদায়ের প্রসঙ্গ বিশেষভাবে উঠে আসে। তিনি বলেন, এই আন্দোলন কোনও ব্যক্তি বা দলের জন্য নয়, বরং কামতাপুরবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াই।
সভায় নবাগত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের জেলা সভাপতি প্রেমানন্দ রায়। তিনি দাবি করেন, ধূপগুড়ি-সহ গোটা এলাকায় সংগঠনকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। ক্রমশই বাড়ছে সমর্থনের পরিধি।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তপতি রায় মল্লিক, কেএলও অবজারভার ভূপেশ দাস, ধূপগুড়ি ব্লক কমিটির নবনিযুক্ত সভাপতি প্রদীপ রায়-সহ অন্যান্য নেতৃত্ব।
সভা মঞ্চ থেকে নেতৃত্বের দাবি, ধূপগুড়ি জুড়ে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলকে ঘিরে যে সাড়া মিলছে, তা ভবিষ্যতে আরও বড় আন্দোলনের ইঙ্গিত দিচ্ছে। ইতিমধ্যেই বহু মানুষ সংগঠনের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। নেতৃত্বের কথায়, এটাই শেষ নয়—আগামী দিনে আরও বৃহৎ আকারে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং দলে দলে মানুষ সংগঠনে শামিল হবেন।