জয়ন্ত দত্ত, নয়া জামানা, পুরুলিয়া: পুরুলিয়ার মানবাজার-২ নং ব্লকের বারী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা নিয়ে ক্ষোভ আছড়ে পড়ল স্থানীয় বাসিন্দাদের। হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন সহ একাধিক দাবিতে সোমবার বারী জাগ্দা আঞ্চলিক স্বাস্থ্য সচেতন মঞ্চের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন এলাকার সাধারণ মানুষ এবং বিশেষ করে মহিলারা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে হাসপাতাল চত্বরে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন।
বিক্ষোভকারীদের পক্ষে অসিতবরন মাহাতো জানান, ব্লক স্তরীয় হাসপাতাল হওয়া সত্ত্বেও এই স্বাস্থ্য কেন্দ্রে ন্যূনতম কোনো পরিষেবা মেলে না। রোগীদের জন্য নেই সঠিক পরিকাঠামো, পর্যাপ্ত বেডের অভাব রয়েছে এবং সবথেকে বড় বিষয় হলো হাসপাতালে সবসময় চিকিৎসক থাকেন না। এছাড়াও লোডশেডিং হলে গোটা হাসপাতাল অন্ধকারে ডুবে যায় এবং রোগীদের ব্যবহারের জন্য কোনো শৌচালয় পর্যন্ত নেই। এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে এদিন গ্রামবাসীরা ব্লক স্বাস্থ্য আধিকারিকের ওপর চড়াও হন এবং ক্ষোভ উগরে দেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বোরো থানার আইসির নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল আলোচনায় বসে। আলোচনা শেষে ব্লক স্বাস্থ্য আধিকারিক রবিশেখর কুমার রবি এবং বোরো থানার আধিকারিক গ্রামবাসীদের সমস্ত সমস্যা দ্রুত সমাধান করার এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিএমওএইচ জানান, লিখিত স্মারকলিপি পাওয়া গেছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন সরকারের কাছে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানোর জোরালো আর্জি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।