নয়া জামানা, কলকাতা: ব্রেস ব্রিজ রেল স্টেশন চত্বর থেকে বস্তি উচ্ছেদের নোটিসের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, আগামী ২০ মে পর্যন্ত বা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে। গত ৯ মে পূর্ব রেলের তরফে একটি উচ্ছেদ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন ওই এলাকায় বসবাসকারী প্রায় ৬ হাজার বস্তিবাসী।
মামলাকারীদের অভিযোগ, পাবলিক প্রেমিসেস অ্যাক্ট, ১৯৭১-এর অধীনে যে বাধ্যতামূলক আইনি প্রক্রিয়া রয়েছে, তা অনুসরণ না করেই কর্তৃপক্ষ গণউচ্ছেদ অভিযান চালানোর চেষ্টা করছে। শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি হীরন্ময় ভট্টাচার্য জানান, সংশ্লিষ্ট চত্বর থেকে আবেদনকারীদের উচ্ছেদের ক্ষেত্রে আইনানুগ এবং নির্ধারিত প্রক্রিয়া সঠিকভাবে মেনে চলা হয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। আদালতের এই সিদ্ধান্তের ফলে আপাতত বড়সড় স্বস্তি পেলেন ব্রেস ব্রিজ স্টেশন সংলগ্ন এলাকার হাজার হাজার বাসিন্দা। আগামী দিনে আইন মেনে পদক্ষেপ করা হয়েছে কি না, তার ওপরই নির্ভর করবে এই উচ্ছেদ অভিযানের ভবিষ্যৎ।